আইভরি কোস্টে প্রেসিডেন্ট ভবনে আক্রমণ করেছেন সেনারা
আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নেতা আলসেন ওয়াতাবার অনুগত সেনারা আবিদজানে প্রেসিডেন্ট ভবন আক্রমণ করেছে। সেখানে নির্বাচনে পরাজিত হওয়া লরাঁ বাগবো এখনো অবস্থান করছেন বলে জানা গেছে।আইভরি কোস্টে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরাঁ বাগবোর সরে দাঁড়ানোর বিষয়ে আলোচনা চলছে। জাতিসংঘ ও ফ্রান্স এ কথা জানিয়েছে। তবে বাগবো জানিয়েছেন, তিনি আত্মসমর্পণ করতে ইচ্ছুক নন। এ ছাড়া বাগবো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারাকে স্বীকৃতি দেওয়ার দাবিও প্রত্যাখ্যান করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বাগবো ফরাসি টেলিভিশন চ্যানেল এলসিআইকে টেলিফোনে জানান, তাঁর সেনাবাহিনী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বর্তমানে তাঁর সেনাবাহিনী মাঠে থাকা অন্য বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। বাগবো বলেন, ‘আইভরি কোস্টে শান্তি ফিরিয়ে আনতে আমি এবং ওয়াতারা দুজনকেই আলোচনায় বসতে হবে।’সংবাদ সংস্থাটি জানিয়েছে, গতকাল মঙ্গলবার তারা জাতিসংঘের অভ্যন্তরীণ একটি নথি দেখতে পেয়েছে, যাতে বলা হয়েছে, বাগবো আত্মসমর্পণ করেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের একজন কর্মকর্তা পরে জানিয়েছেন, বাগবো এখনো আত্মসমর্পণ করেননি। তবে তিনি আত্মসমর্পণে রাজি এবং জাতিসংঘের পক্ষ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি চেয়েছেন।ফ্রান্স বলছে, তারা বাগবোর দ্রুত প্রস্থানের আশা করছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আলাঁ জুপ গতকাল পার্লামেন্টে বলেন, ‘আমরা বাগবোকে ক্ষমতা ত্যাগে রাজি করাতে পেরেছি।’ জুপ জানান, বাগবোর ঘনিষ্ঠ সহযোগী, জাতিসংঘ ও আইভরি কোস্টে ফরাসি রাষ্ট্রদূতের মধ্যে সমঝোতা আলোচনা চলছে। বাগবোর মুখপাত্র অহুউয়া ডন মেলো জানিয়েছেন, সব পক্ষ এখনো আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি এবং বাগবোও কোনো চুক্তিতে স্বাক্ষর করেননি।চলতি সপ্তাহে ওয়াতারা বাহিনী আবিদজানে প্রবেশ করে। বাগবো বাহিনীর সঙ্গে তুমুল লড়াই করে তারা প্রেসিডেন্ট ভবন ঘেরাও করে। আইভরি কোস্টে জাতিসংঘ মিশন জানিয়েছে, বাগবো ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন।আবিদজানের পরিস্থিতি শান্ত হয়েছে আসছে। গতকাল রাতে গোলাগুলির আওয়াজ শোনা যায়নি। তবে শহরের বাসিন্দারা আতঙ্কে এখন ঘর থেকে বের হচ্ছে না। রয়টার্স ও বিবিসি অনলাইন।