আইভরি কোস্টে ফের গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আফ্রিকান দেশ আইভরি কোস্টে আবারও গৃহযুদ্ধ দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বান কি মুন বলেছেন, গৃহযুদ্ধ পরিস্থিতিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে আইভরি কোস্ট ‘সত্যিকারের ঝুঁকি’র মধ্যে রয়েছে।জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট লয়ন্ত বাগবো অবৈধভাবে আইভরি কোস্ট থেকে জাতিসংঘের শান্তি সেনাদের বহিষ্কার করার চেষ্টা করছেন।’এর আগে বাগবোর এক সহযোগী বলেছেন, শান্তিরক্ষীরা আইভরি কোস্ট ত্যাগ না করলে তাঁদের বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে।এদিকে নির্বাচন-পরবর্তী প্রথম টিভি ভাষণে বাগবো নিজের ক্ষমতা ধরে রাখার ঘোষণা দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পর্যবেক্ষক দল প্রেরণ করে নির্বাচনী ফলাফল পুনর্মূল্যায়নেরও আহ্বান জানিয়েছেন। গত ২৮ নভেম্বর আইভরি কোস্টে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লয়ন্ত বাগবো। আলাসেন ওয়েতাহাও পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এরপরই লয়ন্ত বাগবো সে দেশে অবস্থানরত জাতিসংঘের ১০ হাজার শান্তিরক্ষীকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।আইভরি কোস্টের এই রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ, ইইউ, পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস), যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইভরি কোস্টের প্রেসিডেন্ট লয়ন্ত বাগবোসহ ১৯ জনের বিদেশ ভ্রমণের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি।