আইভরি কোস্টে বাগবোর বাহিনীর হাতে নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের রাজধানী আবিদজানে গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন লয়ন্ত বাগবোর অনুগত বাহিনীর হাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। দেশটিতে কর্মরত জাতিসংঘ মিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বাগবোর অনুগত সেনারা আবিদজানের প্রধান বাণিজ্যিক এলাকা অ্যাবাবোর একটি বিপণিকেন্দ্রে বেশ কয়েকটি শেল নিক্ষেপ করলে এ হতাহতের ঘটনা ঘটে। ওই এলাকার লোকজন বিরোধী নেতা অ্যালাসেন ওয়াত্তারাকে সমর্থন করে।জাতিসংঘ মিশনের মুখপাত্র হামাদাউন তৌরি রয়টার্সকে বলেন, তাদের তদন্ত দলের মতে, বাগবোর নিরাপত্তা বাহিনী সেখানে ছয়টি শেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন নিহত হয়। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৪৫ থেকে ৬০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল আবিদজানের বিভিন্ন অংশে গোলাগুলির শব্দ শোনা গেছে। গত বছরের ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনের পর বর্তমান প্রেসিডেন্ট লয়ন্ত বাগবো ও বিরোধী নেতা অ্যালাসেন ওয়াত্তারা নিজেদের বিজয়ী বলে দাবি করেন। এরপর থেকেই দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে বিরোধীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গতকালের হতাহতের ঘটনাসহ এ নিয়ে দেশটিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪৩৫ জন নিহত হয়েছে।