আইভরি কোস্টে সেনাঘাঁটিতে হামলায় নিহত ৭
আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানের একটি সেনাঘাঁটিতে গতকাল সোমবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ে ছয় সেনা ও একজন হামলাকারী নিহত হয়েছে। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।কর্মকর্তারা জানান, গতকাল ভোররাতের দিকে অজ্ঞাত বন্দুকধারীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আবিদজানের অ্যাকুয়েদোর সেনাঘাঁটিতে হামলা চালায়। সাদা পোশাকধারী ওই বন্দুকধারীরা সেনাঘাঁটির দুটি প্রবেশপথ থেকে গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে গুলিবিনিময়ের পর সেনারা তাদের ঘাঁটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এ হামলায় ছয় সেনা ও একজন হামলাকারী নিহত হয়।এর এক দিন আগে গত রোববার আবিদজানের একটি থানা ও সেনা তল্লাশিকেন্দ্রে বন্দুকধারীরা হামলা চালায়। ওই হামলায় পাঁচ সেনা নিহত হয়।এক বছরেরও বেশি আগে আইভরি কোস্টে নির্বাচনপরবর্তী সহিংসতা দেখা দেয়। ওই সহিংসতায় অনেক হতাহত ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। আন্তর্জাতিক সমর্থন নিয়ে আলাসেন ওয়াতারা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিকে স্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন।