আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে ওয়াত্তারার আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ
বিশ্বনেতাদের উপস্থিতিতে আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে অ্যালাসেন ওয়াত্তারা গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিসহ বিশ্ব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন সরকার দেশটিতে শান্তি ফিরিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা। প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করে অ্যালাসেন ওয়াত্তারা বলেছেন, ‘আজ আইভরি কোস্টের জনগণের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এ ঘটনা আইভরি কোস্টে নূতন অধ্যায়ের সূচনা করবে।’গত নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তত্কালীন বিরোধী নেতা অ্যালাসেন ওয়াত্তারা বিজয়ী হলেও প্রেসিডেন্ট লরা বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান। এরপর উভয় নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় তিন হাজার জন নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়। গত মাসে বাগবোকে গ্রেপ্তার করে ওয়াত্তারার বাহিনী।