আইভরি কোস্টের রাষ্ট্রীয় তহবিলে বাগবোর লেনদেন স্থগিত
পশ্চিম আফ্রিকার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক (বিসিইএও) গতকাল বৃহস্পতিবার আইভরি কোস্টের রাষ্ট্রীয় তহবিলে প্রেসিডেন্ট লয়ন্ত বাগবোর লেনদেন স্থগিত করেছে। একই সঙ্গে ব্যাংকটি দেশটির বিরোধীদলীয় নেতা আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বাগবোকে ক্ষমতা ছেড়ে দিতে বলেছে।কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বৈধ সরকারের সদস্যরাই কেবল রাষ্ট্রীয় তহবিল থেকে লেনদেন করতে পারবেন। বিশ্লেষকেরা বলছেন, ক্ষমতা হস্তান্তরে লয়ন্ত বাগবোকে চাপ প্রয়োগ করতে বিসিইএও এই পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বাগবোর পক্ষে আইভরি কোস্টের সেনাবাহিনীকে বেতন-ভাতা প্রদান করা দুরূহ হয়ে উঠবে।এদিকে গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের পর আইভরি কোস্টে সহিংসতায় এ পর্যন্ত ১৭৩ জন নিহত হয়েছে। জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তাঁদের তদন্ত দল দেশটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ৯০টি নির্যাতনের ঘটনা, ৫০০ ব্যক্তির গ্রেপ্তার ও অপহরণের মতো অপরাধের প্রমাণ পেয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর আইভরি কোস্টে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লয়ন্ত বাগবো। আলাসেন ওয়েতাহাও পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইভরি কোস্টের এই রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ, ইইউ, পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস), যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্স।