আইভরিকোস্টের প্রেসিডেন্ট লঅন্ত বাগবো দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনওসিআই) প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী আলাসেন ওয়েতাহাকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত শনিবার তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রেসিডেন্ট বাগবোর এই আহ্বান নাকচ করে দিয়ে বলেছেন, ইউএনওসিআই আইভরিকোস্টে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজ করে যাবে। খবর বিবিসি ও এএফপি, ব্লুমবার্গ অনলাইনের।প্রেসিডেন্ট বাগবোর মুখপাত্র জ্যাকলিনা ওবলে শনিবার দেশটির জাতীয় টেলিভিশনে বলেন, ‘প্রেসিডেন্ট লঅন্ত বাগবো শিগগিরই আইভরিকোস্ট ছেড়ে যেতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ও ফ্রান্সের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শান্তিরক্ষী মিশন আইভরিকোস্টের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করেছে। তারা এই দেশকে অস্থিতিশীল ও জনগণকে বিভক্ত করছে।’এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘ইউএনওসিআই আইভরিকোস্টে যে লক্ষ্য নিয়ে গেছে, তা পূরণে কাজ করে যাবে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা কিংবা শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটছে কি না, তা খতিয়ে দেখা হবে।’ বান কি মুন বলেন, ‘শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর আঘাত হিসেবে গণ্য করা হবে। হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস) ও আফ্রিকান ইউনিয়ন (এইউ) আইভরিকোস্টে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রতি সমর্থন দিয়েছে।’ প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করে আলাসেন ওয়েতাহার কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলে আসছেন মুন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইসিওডব্লিউএএস, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, দেশটিতে জাতিসংঘের ১০ হাজার শান্তিরক্ষী ও ফ্রান্সের ৯০০ সেনা মোতায়েন রয়েছে। গত বৃহস্পতিবার ওয়েতাহার সমর্থকেরা বাগবোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় সেনাবাহিনী। ওয়েতাহার দলের দাবি, এতে তাদের ৩২ জন সমর্থক নিহত হন। পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্টে সংঘাত অবসানের লক্ষ্যে গত ২৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। তিনি ৫৪ দশমিক ১ ভাগ ভোট পেয়ে জয়লাভ করেন বলে জানায় কমিশন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। আলাসেন ওয়েতাহাও পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আবিদজানের একটি হোটেলে প্রেসিডেন্ট ওয়েতাহার কার্যালয় স্থাপন করা হয়েছে। কার্যালয়টির নিরাপত্তায় জাতিসংঘের ৮০০ শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। দেশটির সেনাবাহিনীর সমর্থন নিয়ে বাগবো প্রেসিডেন্ট প্যালেসে অবস্থান করছেন।