আইভরিকোস্টে সহিংসতায় নিহত ৫০, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: জাতিসংঘ
আইভরিকোস্টে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নভি পিল্লাই এক বিবৃতিতে বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, আহত হয়েছে দুই শতাধিক। এ ছাড়া শত শত লোককে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইভরিকোস্টের প্রেসিডেন্ট লঅন্ত বাগবোসহ ১৯ জনের বিদেশ ভ্রমণের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।নভি পিল্লাই গত রোববার এক বিবৃতিতে বলেন, আইভরিকোস্টে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার থেকে তিন দিনে ৫০ জনেরও বেশি লোক নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। শান্তিরক্ষীরা শত শত মানুষের অপহরণের ঘটনা সম্পর্কে খবর পেয়েছেন। সামরিক বাহিনীর পরিচয়ে উর্দি পরা সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর কিছু অংশের কিংবা মিলিশিয়া গোষ্ঠীর সহায়তায় এসব অপহরণ করেছে। এসব ঘটনার অবশ্যই তদন্ত হওয়া উচিত। তবে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের স্বাধীন গতিবিধির ওপর হস্তক্ষেপ করায় বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করাটা কঠিন হয়ে পড়েছে।গত ২৮ নভেম্বর আইভরিকোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু ওই ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লঅন্ত বাগবো। আলাসেন ওয়াতেহাও পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এই রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ, ইইউ, পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস), যুক্তরাষ্ট্র ও ফ্রান্স প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করার আহ্বান জানায়। এর পরপরই প্রেসিডেন্ট লঅন্ত বাগবো দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনওসিআই) প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। তিনি শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী আলাসেন ওয়েতাহাকে সমর্থন দেওয়ার অভিযোগ আনেন। তবে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাগবোর প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, শান্তিরক্ষী বাহিনী আইভরিকোস্টে যে লক্ষ্য নিয়ে গেছে, তা পূরণে কাজ করে যাবে। এএফপি ও বিবিসি।