আইভরিকোস্টে সাত শান্তিরক্ষী নিহত
পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্টে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর অতর্কিত হামলায় নাইজারের সাতজন সেনা নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লাইবেরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয় বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।কর্মকর্তারা জানান, ওই অঞ্চলের কয়েকটি সম্প্রদায়ের ওপর হামলার গুজব শোনার পর তাই ও পারা গ্রামের আশপাশের এলাকা টহল দিচ্ছিল শান্তিরক্ষীরা। এ সময় তাঁদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়। কারা এ হামলা চালিয়েছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।আইভরিকোস্টের গৃহযুদ্ধ ও সাম্প্রতিক রাজনৈতিক সংকট নিরসনে সহায়তার জন্য ২০০৪ সালে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী পাঠায় জাতিসংঘ। শান্তিরক্ষীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি নাইজার সরকারের প্রতি সমবেদনা জানান ও হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে আইভরিকোস্টের সরকারের প্রতি আহ্বান জানান।