আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল
আওয়ামী লীগের প্রবীণ নেতা আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল মঙ্গলবার। আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আহত হওয়ার তিন দিন পর ২৪ আগস্ট মারা যান। বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রদূত আইভি রহমানের মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করবে আওয়ামী লীগসহ আন্যান্য সংগঠন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান কাল সকাল ১০টায় স্ত্রী আইভি রহমানের বনানী কবরস্থানে যাবেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ করবেন। আওয়ামী লীগের প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল বিকেলে বঙ্গভবনে এক মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকাল সোয়া ১০টায় আইভি রহমানের কবরস্থানে যাবেন এবং সেখানে মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেবেন।আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসংখ্য রাজনৈতিক আন্দোলনে অংশ নেন।১৯৭১ সালে আইভি রহমান মুক্তিযোদ্ধা হিসেবে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অনেক অবদান রাখেন। ইউএনবি