আইভী ও রাব্বিকে শামীমের হুমকি
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমান গতকাল সোমবার এক কর্মিসভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং নিহত আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিকে হুমকি দিয়েছেন। শামীম অভিযোগ করে বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, আইভী ও রফিউর রাব্বি মোটা অঙ্কের টাকা দিয়ে চুক্তির মাধ্যমে খুনের উদ্দেশ্যে পারভেজকে গুম করিয়েছেন।’নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর একাংশের কর্মিসভায় শামীম ওসমান এই অভিযোগ করেন। তিনি পারভেজকে ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তাঁকে ফেরত দেওয়া না হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেন। প্রয়োজনে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে বিদায় জানাবেন বলেও হুমকি দেন।কর্মিসভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম প্রমুখ।কর্মিসভায় শামীম ওসমান বলেন, ‘অনেক ধৈর্য ধরেছি। কিন্তু আর নয়। নিজের দলের সন্তানতুল্য কর্মী-সমর্থকদের গুম করে পরে লাশ ফিরিয়ে দেওয়া হচ্ছে। নেতা-কর্মীদের জানাজা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি।’ তিনি আরও বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, আইভী ও রফিউর রাব্বি মোটা অঙ্কের টাকা দিয়ে চুক্তির মাধ্যমে খুনের উদ্দেশ্যে পারভেজকে গুম করিয়েছেন।’প্রসঙ্গত, পারভেজকে গত শনিবার ঢাকার গুলশান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন অস্ত্রধারী তুলে নিয়ে যায় বলে তাঁর পরিবারের অভিযোগ। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।শহীদ মিনার থেকে ত্বকীর ছবি ছিঁড়ে ফেলল ক্যাডাররা: এদিকে গতকাল রাত সাড়ে আটটার দিকে শামীম ওসমানের ক্যাডাররা চাষাঢ়া শহীদ মিনার বেদিতে রাখা নিহত ত্বকীর একটি বড় ডিজিটাল ছবি ছিঁড়ে ফেলে এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মীদের খুঁজতে থাকে।