আইভী ও শামীমের সঙ্গে আজ আবার দলের বৈঠক
নারায়ণগঞ্জে মেয়র পদে একক প্রার্থী সমর্থন দিতে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর সঙ্গে আরেক দফা আলোচনায় বসছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আজ রোববার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ বৈঠক হবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এ তথ্য জানান। ধানমন্ডির কার্যালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রী গণভবনে গিয়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে আরেক দফা বৈঠক করেন।হানিফ আরও বলেন, আজকের বৈঠকের পর মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ঠিক হবে। তবে নাম প্রকাশ না করার শর্তে দলের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, বৈঠকের পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আজ প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। ১২ অক্টোবরের (মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন) আগে কোনো কিছু বলা যাবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, প্রার্থী সমর্থন করা আইনবিরুদ্ধ হবে। এ বিষয়টিও দলীয় উচ্চপর্যায় ভাবছে। কারণ গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) অনুযায়ী সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচন নির্দলীয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন পর গতকাল ধানমন্ডির কার্যালয়ে যান। কর্মী-সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করেন তিনি। মন্ত্রিপরিষদের সদস্য, ওই এলাকার সাংসদ এবং দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে তিনি সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।বৈঠকে নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী ঠিক করা হয়েছে কি না, জানতে চাইলে হানিফ বলেন, এ নিয়ে আলোচনা হয়নি।শামীম ও আইভীকে নিয়ে এর আগে গণভবনেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। কিন্তু কোনো সমঝোতা হয়নি।তৃণমূল ঢেলে সাজানোর নির্দেশ: সাংবাদিকদের হানিফ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দলকে শক্তিশালী করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সরকারের সফলতা ও চারদলীয় সরকারের ‘সন্ত্রাস-দুর্নীতির’ চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।বিএনপির রোডমার্চের বিষয়ে হানিফ বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপিও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক।’ তিনি জানান, বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা ও মহানগর, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি অনুমোদন পেয়েছে।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।