আইভী শপথ নেবেন আজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আজ রোববার শপথ নেবেন। এরপর মেয়র হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ১ ডিসেম্বর।এদিকে আইভীর দায়িত্ব গ্রহণের দিন পরাজিত প্রার্থী শামীম ওসমান নারায়ণগঞ্জে সমাবেশ ডেকেছেন। এখানকার রাজনৈতিক মহল শামীমের এই কর্মসূচিকে শক্তির মহড়া হিসেবে দেখছে।তবে মেয়র আইভী শামীম ওসমানের কর্মসূচি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে আমি নগর ভবনে যাব। নগর ভবনে যাওয়ার ব্যাপারে আমার কোনো আনুষ্ঠানিকতা নেই। ১ ডিসেম্বর সকালে হেঁটেই বাসা থেকে নগর ভবনে যাব।’বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে মেয়র আইভীকে শপথবাক্য পাঠ করাবেন। এর আধা ঘণ্টা পর একই স্থানে ২৭ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।শামীম ওসমানের ঘনিষ্ঠ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রথম আলোকে জানান, বিজয় দিবস উপলক্ষে শামীম ওসমান ১ ডিসেম্বর বিকেলে শহরের খানপুর এলাকায় সমাবেশ করবেন। সমাবেশ শেষে বিজয় শোভাযাত্রা বের করা হবে।আইভীর নগর ভবনে প্রবেশের দিনে শামীম ওসমানের মহড়া প্রসঙ্গে শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শামীম ওসমান মুখে আইভীকে ছোট বোন বলে সহযোগিতার কথা বললেও তাঁর কর্মকাণ্ড তা প্রমাণ করে না।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, কাউকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না। মেয়রের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সর্তক রয়েছে।