আইভী-শামীম দুজনই অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আওয়ামী লীগের দুই প্রার্থীই নিজ নিজ অবস্থানে অনড়। এ ক্ষেত্রে আওয়ামী লীগ দলীয়ভাবে কাউকেই সমর্থন দিতে চাইছে না।দলীয় সূত্র জানায়, সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমানকে নিয়ে আর সমঝোতার চেষ্টা করবে না আওয়ামী লীগ। দুজনই প্রার্থী থাকলে কাউকেই সমর্থন দেওয়া হবে না। তবে কেউ স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করলে তাঁকে পরবর্তী সময়ে ‘যথাযথ মূল্যায়ন’ করা হবে। আর অপরজনকে দলীয় সমর্থন দেওয়া হবে।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘তাঁদের নিয়ে আর বসাবসির সুযোগ নেই। শুভবুদ্ধির উদয় হলে তাঁদের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন; নইলে কাউকেই দলীয় সমর্থন দেওয়া হবে না। নির্বাচনী আইনেও সে সুযোগ নেই।’দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দুই প্রার্থীর মধ্যে একজনকে সমর্থন করা কঠিন। উভয়েই প্রতিদ্বন্দ্বিতায় থাকলে কাউকে সমর্থন দেওয়া হবে না।আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে দুই প্রার্থীকে নিজেদের মধ্যে আলোচনা করে একজনকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।গত কয়েক দিনে আইভী ও শামীম ওসমানকে নিয়ে দলের শীর্ষস্থানীয় নেতারা কয়েক দফা বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁদের সঙ্গে দুই দফা বৈঠক করেন। কিন্তু কোনো সমঝোতা হয়নি। এসব বৈঠকে প্রস্তাব দেওয়া হয়, আইভী প্রার্থিতা প্রত্যাহার করলে তাঁকে সংরক্ষিত আসনে সাংসদ ও পরে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে। একইভাবে শামীম ওই পদে নির্বাচন না করলে তাঁকে প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দুজনের কেউই সরে যেতে রাজি হননি।