আইভী-শামীম দুজনই নির্বাচন করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী ও সাবেক সাংসদ শামীম ওসমান দুজনই অংশ নিচ্ছেন। আজ বুধবার বিকেল পাঁচটায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় থাকলেও তাঁরা কেউ তা করেননি।সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন মোট আটজন। তাঁদের মধ্যে আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে মেয়র পদে প্রার্থী দাঁড়াল ছয়জন।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুত্ফুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে বিকেল পাঁচটা পর্যন্ত শামীম ওসমান ও আইভী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেননি।’এ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছিল, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ সমস্যার সমাধান হবে। তবে শেষ পর্যন্ত দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী নির্বাচন করার ব্যাপারে অনড় রয়েছেন।আইভী প্রথম আলো অনলাইনকে জানান, নারায়ণগঞ্জের জনগণকে নিয়ে তিনি নির্বাচন করতে চান। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।আরেক প্রার্থী শামীম ওসমান দাবি করেন, দল তাঁকে সমর্থন দিয়েছে। তাই তিনি নির্বাচন করছেন।আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে সমস্যা থাকলেও নারায়ণগঞ্জে বিএনপি-সমর্থিত একক প্রার্থী হলেন তৈমুর আলম খন্দকার। তিনি আওয়ামী লীগের দুই প্রার্থীর কোন্দলের কারণে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ৩০ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।