আইভীকে উষ্ণ অভিনন্দন আশরাফের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াত্ আইভী বিপুল ভোটে বিজয়ী হতে চলেছেন। তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।আজ রোববার রাতে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সৈয়দ আশরাফ বলেন, ‘আইভীকে উষ্ণ অভিনন্দন। সঠিকভাবে দায়িত্ব পালনে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়া হবে।’ তিনি বলেন, এ নির্বাচন ঘিরে সরকারের তিনটা লক্ষ্য ছিল। প্রথমত, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা। দ্বিতীয়ত, সেনাবাহিনী মোতায়েন ছাড়াই যাতে জনগণ নির্ভয়ে ও অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থা করা এবং তৃতীয়ত ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ব্যবহার করে ভোট নেওয়া। তিনটা লক্ষ্যই সরকার সফলতার সঙ্গে অর্জন করেছে।সৈয়দ আশরাফ বলেন, সেনাবাহিনী ছাড়াই মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। অবাধ ও নিরপেক্ষভাবে একটা নির্ভেজাল নির্বাচন হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। তিনি বলেন, অনেকেই নারায়ণগঞ্জের নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে আশঙ্কা করেছিলেন। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। কোথাও কেন্দ্র দখল, মারামারি বা সন্ত্রাস হয়নি। পিনপতন নীরবতায় মানুষ ভোট দিয়েছেন। এটা সহজ কথা নয়। সরকার দক্ষতার সঙ্গে এসব কাজ করেছে।