আইভীকে সাহস জোগালেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১১টা। নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডের গৃহবধূ তাহমিনা আক্তার রান্না ফেলে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জড়িয়ে ধরে তিনি বললেন, ‘আপা, ভয় পাবেন না। মনে সাহস রাখেন। দল না থাকুক, আমরা তো আছি।’এমন কথা গতকাল শুক্রবার গণসংযোগকালে বেশ কয়েকবার শুনেছেন সেলিনা হায়াৎ আইভী। সকাল নয়টায় তিনি শুরু করেন প্রচারণা ও গণসংযোগ। চলে বেলা একটা পর্যন্ত। এ সময় গেছেন চাষাঢ়া, জামতলা, মাসদাইর বাজার, গলাচিপা। এসব এলাকার বাড়ি বাড়ি ঘুরে তিনিও সাধারণ মানুষকে সাহস জুগিয়েছেন। বলেছেন, ‘আপনাদের সাহসে আমি সাহসী। আপনারাই আমার শক্তি।’ বেশ কিছু এলাকায় আবার সমর্থকেরা তাঁকে সাহস জুগিয়েছেন। বলেছেন, পরিস্থিতি যতই বৈরী হোক, তাঁরা আইভীকে ছেড়ে যাবেন না।নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভীর পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক। রাশিয়ায় আইভীর সঙ্গে পড়ালেখা করা ২০ জনের একটি দল গতকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারায়ণগঞ্জে এসেছে। শুরু করেছেন আইভীর পক্ষে প্রচারণা। হেঁটে হেঁটে তাঁরা সাধারণ মানুষের কাছে আইভীর জন্য ভোট চান।তাঁদের একজন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম বলেন, ‘আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ তাদের নিজেদের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থী খুঁজে নিক। যেকোনো বিচারে আইভী প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর চেয়ে যোগ্যতায় এগিয়ে আছেন। তিনি আলী আহাম্মেদ চুনকার সুযোগ্য মেয়ে। বাবার মতোই এত দিন নারায়ণগঞ্জ পৌরসভার মানুষের সেবা করেছেন। মানুষ তাঁকে বিমুখ করবে না।’আরেকজন চিকিৎসক রাশেদ রহমান বলেন, ‘যাঁরা নানা কারণে এই গণসংযোগে সম্পৃক্ত হতে পারেননি, আমরা তাঁদের শুভেচ্ছাবার্তা আইভীকে পৌঁছে দিয়েছি। যে যেখানে আছেন, সেখানে থেকে আইভীর জন্য কাজ করবেন।’সকাল নয়টায় আইভী দেওভোগের পৈতৃক বাড়ি থেকে বের হন হলুদ শাড়ি পরে। সঙ্গে আট-দশ জন কর্মী-সমর্থক আর ১১ বছরের সন্তান কাজী সাদমান হায়াৎ। বাড়ি থেকে বের হওয়ার পরই তাঁর সঙ্গে যুক্ত হয় শত শত মানুষ। চাষাঢ়া থেকে আইভী যান জামতলা এলাকায়। সেখানে সাংবাদিকদের্রতিনি বলেন, ‘শামীম ওসমান বলে বেড়াচ্ছেন তিনি আওয়ামী লীগের প্রার্থী। শহরে এমনকি এ-ও রটে গেছে যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। গুজবকে পাকাপোক্ত করার জন্য আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সিদ্ধিরগঞ্জ এলাকায় আমার সমর্থকদের ভোটের দিন ঘর থেকে বের না হওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংশয়, আমি আজ তা ভাঙাতে এসেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এসেছি, আমার সঙ্গে জনগণ আছে।’আরেক মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের ঘাঁটি বলে পরিচিত এই জামতলা। সেখানে অনেক মানুষ আইভীকে অনুসরণ করেন। আইভী সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ এলাকার বাসিন্দা সত্তরোর্ধ্ব লুৎফুন্নেসা আইভীর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। কী দোয়া করেছেন, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘যা কওয়ার আল্লাহরেই কইছি। আল্লাহই দেখব। কেউ ঠেকাইতে পারব না।’গণসংযোগের একপর্যায়ে আইভী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে কারচুপি না হলে আমি নিশ্চিতভাবে বিজয়ী হব। কিন্তু নাসিম ওসমান সব জায়গায় বলে বেড়াচ্ছেন, ৩০ অক্টোবর সন্ধ্যা সাতটার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। পাঁচ হাজার ভোটে আইভী হারবে। একজন সাংসদ যখন প্রকাশ্যে এসব কথা বলেন, তখন নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়।’জামতলা থেকে আইভী দুপুর সাড়ে ১২টার দিকে যান তোলারাম কলেজে। কলেজের কয়েকজন শিক্ষক তাঁকে অভ্যর্থনা জানান। বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রীকে তিনি বলেন, ‘দোয়াত-কলম মার্কা নারীশক্তির প্রতীক। নারী কখনো পরাজয় মানে না।’দুপুরের পর আইভী শীতলক্ষ্যার পারে কদমরসুল ও বন্দর এলাকায় গণসংযোগ করতে যান। কদমরসুলে তিনি যাচ্ছেন জেনে এলাকার নারীরা একটি উঠান বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে আইভী তাঁদের কাছে জানতে চান, ‘আমারে চিনছেন?’ কয়েকজন বয়োবৃদ্ধ নারী উঠে দাঁড়িয়ে বলেন, ‘তোমারে আমরা চিনি। তোমার আব্বা আলী আহাম্মেদ চুনকাকেও খেজুরগাছ মার্কায় ভোট দিছিলাম।’আইভী বলেন, নারায়ণগঞ্জ পৌরসভা থেকে বিচ্ছিন্ন থাকায় কদমরসুল এলাকায় তেমন উন্নয়ন হয়নি। মেয়র নির্বাচিত হলে তিনি ওই এলাকায় রাস্তাঘাট নির্মাণ করবেন। তিনি বলেন, ‘আমি স্বামী-সন্তান নিয়ে নিউজিল্যান্ডে ভালো ছিলাম। কিন্তু আমার আব্বা যেমন আপনাদের সেবা করেছেন, তেমনি আমিও সেবা করতে চাই। আমরা কোনো দিন আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। ভবিষ্যতেও করমু না। তবে আপনারা আমারে ভোট দেন বা না দেন, আমি এখানে নারীদের জন্য একটা হাসপাতাল করমু।’