আইভীর পোস্টার উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র উত্তর চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়ক ধরে নিতাইগঞ্জ এলাকা পর্যন্ত হেঁটে গেলে চোখে পড়বে অসংখ্য নির্বাচনী পোস্টার। কিন্তু এগুলো সবই শামীম ওসমানের। অপর মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কোনো পোস্টার নেই। রাতের অন্ধকারে সব ছিঁড়ে ফেলা হয়েছে।শুধু এই সড়কই নয়, গতকাল শহরের জামতলা, নিতাইগঞ্জ, বালুরমাঠ, আমলাপাড়া, মাসদাইর, গলাচিপা, পাইকপাড়া, কলেজ রোড, মাছুয়াবাজার, শহীদনগর, খানপুর, তল্লা, হাজিগঞ্জ, নন্দিপাড়া, ভূঁইয়াপাড়া, ভূঁইয়ারবাগ, মিশনপাড়া, উত্তর চাষাঢ়া, টানবাজারসহ অনেক এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে।মাসদাইর, চাষাঢ়াসহ বেশ কিছু এলাকায় বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের পোস্টার থাকলেও আইভীর পোস্টার নেই। ব্যতিক্রম শুধু দেওভোগ। এখানে নিজের বাড়ির সামনের সড়কের কিছু স্থানে আইভীর পোস্টার দেখা যায়। আছে শামীম ওসমানেরও কিছু পোস্টার।সিদ্ধিরগঞ্জ ও বন্দরেও আইভীর পোস্টার নেই। শামীম ওসমানের পোস্টার ঠিকই আছে।নগরের কোথাও পোস্টার না থাকার কারণ জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই আমার পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। যারা এ কাজ করছে, তারা চায় না আমি নির্বাচন করি। আমি একাধিকবার নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। কিন্তু পোস্টার ছেঁড়া বন্ধ হয়নি।’আইভী জানান, শুধু পোস্টার-ফেস্টুন ছেঁড়াই নয়, বিভিন্ন স্থানে তাঁর কর্মীদের প্রচারকাজে বাধাও দেওয়া হচ্ছে। বিশেষ করে বন্দর এলাকায় পুলিশ তাঁর কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও সুরাহা হচ্ছে না। আইভী সমর্থকদের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পোস্টারে রাজনৈতিক প্রতীক বা স্লোগান ব্যবহার নিষেধ। কিন্তু শামীম ওসমানের পোস্টারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা আছে। এ ব্যাপারেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, একটি মহল যেকোনো মূল্যে আইভীকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। তারাই প্রতি রাতে আইভীর পোস্টার ও ফেস্টুন ছিঁড়ছে। বিভিন্ন জায়গায় প্রচারণায় বাধা দিচ্ছে।পোস্টার ছেঁড়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আইভীর অভিযোগগুলো পেয়েছি। এগুলো তদন্ত করা হচ্ছে। এ ছাড়া আমাদের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রতিটি এলাকায় আছে। তারা কাজ করছে। কিন্তু আমরা কোথাও কাউকে হাতেনাতে ধরতে পারিনি। আমরা আইভীকে বলেছি, কারও বিরুদ্ধে আপনার অভিযোগ থাকলে সুনির্দিষ্ট করে থানায় গিয়ে বলুন।’আইভীর সমর্থক আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, ফতুল্লা থানা আওয়ামী লীগের দুই নেতা প্রতি রাতে তাঁর কর্মীদের পাঠিয়ে সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় থাকা আইভীর পোস্টারগুলো তুলে ফেলেন। আর শহরে শামীম ওসমানের ঘনিষ্ঠ দুজন ক্যাডার এ কাজ করছে।আইভীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘এগুলো একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। রাজনৈতিক প্রজ্ঞা থাকলে কেউ এ ধরনের কথা বলত না। আমি যদি কোথাও এখন ভয় দেখাই তাহলে একজনকে ভয় দেখালে আরও অনেকেই ভয় পাবে। তাই এসব করার প্রশ্নই আসে না। আর যদি বৃষ্টিতে ভিজে কারও পোস্টার নষ্ট হয়ে যায়, তাহলে তার দায় আমি কেন নেব?’শামীমের ঘনিষ্ঠ বলে পরিচিত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজন কোথাও কারও পোস্টার ছিঁড়ছে না। বরং আমাদের পোস্টারই ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনে এ ব্যাপারে অভিযোগ দিয়েছি।’পাল্টা অভিযোগ: শামীম ওসমান শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে দুটি অভিযোগ করেছেন। এতে বলা হয়, আইভীর বাসস্থান দেওভোগ এলাকায় প্রতিনিয়ত শামীম ওসমানের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি এই শহরে কোনো দিন কারও সঙ্গে উঁচু গলায় কথা বলেছি—এমন অভিযোগও কেউ করতে পারবে না। আর আমার কোনো বাহিনী নেই, যারা এসব কাজ করবে। আমি জনগণের হাতে সব ছেড়ে দিয়েছি। জনতাই ৩০ অক্টোবর রায় দিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেবে।’