আইভীর বিজয় ৪০ বছরের রাজনীতিতে পরিবর্তন আনবে: সুরঞ্জিত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইভীর বিজয় বিগত ৪০ বছরের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, বিএনপির পলায়নপর রাজনীতির পরাজয় হয়েছে। এ ধরনের রাজনীতির পরাজয় ভবিষ্যতেও হবে। বিএনপি নির্বাচনে অংশ নিল কী নিল না, জনগণের তাতে কিছু আসে যায় না। জনগণ বিপুল উদ্যমে ভোট দিয়েছে। বিএনপির রাজনীতি যে কতটা ভ্রান্ত তা এর মধ্য দিয়েই প্রমাণ হয়েছে।জেল হত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, আওয়ামী লীগকেও এ নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। তৃণমূলের চিন্তাভাবনা বুঝে প্রার্থীকে সমর্থন বা মনোনয়ন দিতে হবে। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে, যা নেতৃত্বকে বিভ্রান্ত করছে। সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগের বিকল্প বিএনপি বা জামায়াত নয়। আওয়ামী লীগের বিকল্প সত্, নিষ্ঠাবান জনগণের পক্ষে কথা বলার নেতৃত্ব। জেল হত্যা দিবস সামনে রেখে তিনি আপিল বিভাগ থেকে নির্দেশনা নিয়ে এ মামলার বিচার নতুনভাবে শুরু করার আহ্বান জানান।