আইরিশ শিশুদের ওপর যৌন নিপীড়নের জন্য ক্ষমা চাইলেন পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডে ধর্মযাজকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে গতকাল শনিবার ক্ষমা চেয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ইউরোপের ক্যাথলিক চার্চগুলোতে শিশুদের যৌন নিপীড়ন করার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তিনি একটি প্রাতিষ্ঠানিক তদন্ত চালানোরও নির্দেশ দেন। আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডের বিভিন্ন ক্যাথলিক গির্জার ধর্মযাজকদের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়ন ও হয়রানি করার অভিযোগ ওঠার পর এই প্রথমবারের মতো পোপ এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিলেন। ক্যাথলিক ধর্মমতানুসারী দেশগুলোর সাধারণ জনগণ, বিশপ, যাজক ও যৌন নিপীড়নের শিকার শিশুদের প্রতি লেখা এক চিঠিতে পোপ বলেন, ‘আপনারা অনেক কষ্ট পেয়েছেন এবং এর জন্য আমি সত্যি খুব দুঃখিত. আমরা সবাই যে লজ্জা ও অনুশোচনা বোধ করছি আমি তা প্রকাশ্যে জানালাম।’ তিনি আরও বলেন, ‘আয়ারল্যান্ডের চার্চ কর্তৃপক্ষের পাপ ও অপরাধমূলক কর্মকাণ্ডের এসব খবর জেনে আপনাদের অনেকে যে হতাশা ও বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার বোধে কষ্ট পাচ্ছেন, আমি কেবল তা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি।’ যাজকদের উদ্দেশে পোপের বক্তব্য, ‘এখানে বিচার-বিবেচনা ও নেতৃত্বের গুরুতর ব্যত্যয় ঘটেছে। এসব বিষয় আপনাদের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। কেবল সততা ও স্বচ্ছতার সঙ্গে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করেই আপনারা চার্চের প্রতি আয়ারল্যান্ডের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা ফিরিয়ে আনতে পারেন।’তবে পোপের চিঠিতে আয়ারল্যান্ডের চার্চগুলোকে ঢেলে সাজানো কিংবা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত যাজকদের পদত্যাগের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। আয়ারল্যান্ড সরকারের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন যাজক শতাধিক শিশুকে নিপীড়ন করেছেন। আরেক যাজক সরকারের কমিশনকে জানিয়েছেন, ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রতি দুই সপ্তাহে একবার শিশুদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে এসেছেন। রয়টার্স।