আইলা উপদ্রুত শ্যামনগরে খাবার পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আইলা উপদ্রুত শ্যামনগর উপজেলাজুড়ে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রীষ্মের শুরুতে বিশুদ্ধ খাবার পানির সংকট শুরু হলেও বর্তমানে তা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। গ্রামবাসী সূত্রে জানা যায়, আইলার কারণে গোটা উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মিঠাপানির পুকুর ও জলাকার কিংবা রেইন হারবেস্টিং প্লানসহ অসংখ্য গভীর ও অগভীর নলকূপ এখনো ব্যবহারোপযোগী করা সম্ভব হয়নি। ফলে শ্যামনগর উপজেলার গাবুরা, আটুলিয়া, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ এবং পদ্মপুকুর ও রমজাননগরে পানির জন্য হাহাকার চলছে।শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, আইলায় উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাবুরা ইউনিয়নের চারটি, পদ্মপুকুর ইউনিয়নের ১৩টি ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪৯টি পিএসএফ (পন্ড, সেন্ট অ্যান্ড ফিল্টার) এখনো বন্ধ হয়ে আছে। এ ছাড়া গত সাত মাস টানা বৃষ্টি না হওয়ায় ২৬টি রেইন ওয়াটার হারবেস্টিং প্ল্যান্ট কোনো কাজে আসছে না। তবে পদ্মপুকুরে পাঁচটি, গাবুরায় ২০টি, আটুলিয়ায় ছয়টি, রমজাননগরে তিনটি অগভীর নলকূপ চালু আছে। উপজেলার বাকি সব অগভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। ঈশ্বরীপুর ও বুড়িগোয়ালিনীর সব গভীর নলকূপও অকেজো হয়েছে। এসব এলাকার কয়েক হাজার মানুষ পিকেএসএফের অর্থায়নে ও জনস্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহ করা পানির ওপর নির্ভর করে দিন কাটাচ্ছে।শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি পল্লির কলেজছাত্র জাহিদ হোসেন বলেন, ‘গরম বেড়ে যাওয়ায় বর্তমানে পানির চাহিদা বৃদ্ধি পেলেও আগের মতো মাথাপিছু দৈনিক তিন লিটার পানি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।’ দাতিনাখালীর আমেনা বেগম বলেন, ‘দেরি হলে পানি পাওয়া যাবে না বলে বাড়ির কাজ ফেলে কোলের বাচ্চাকে নিয়ে ভোররাতে ছুটতে হয়েছে তিন কিলোমিটার দূরের কলবাড়ী পয়েন্টে। পানি কম থাকায় মাঝেমধ্যে মাথাপিছু দুই লিটার পানি দেওয়া হয়।’ মানুষের পাশাপাশি গবাদি পশুপাখির জন্য প্রয়োজনীয় পানির সংকটও প্রকট হয়েছে। ধুমঘাট গ্রামের দেবব্রত মণ্ডল জানান, ছয় কিলোমিটার দূরে একটি পয়েন্ট থেকে বাড়ির সাত সদস্যের জন্য দৈনিক ২১ লিটার পানি সংগ্রহ করা গেলেও নিজের ১৫টি গরুকে লোনাপানি খাইয়ে রাখতে হচ্ছে। পানি লবণাক্ত হওয়ায় গরুগুলো পানি খাওয়া প্রায় ছেড়েই দিয়ে কংকালসারে পরিণত হয়েছে। গোটা উপজেলাজুড়ে এমনই চিত্র। গাবুরা ইউপি চেয়ারম্যান শফিউল আযম ও মুন্সিগজ্ঞ ইউপি চেয়ারম্যান অসিম কুমার মৃধা জানান, পুকুর এবং জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় এবং আইলায় জলমগ্ন হয়ে পড়ায় মিঠাপানির আধারসমূহ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া দীর্ঘদিনেও বৃষ্টি না হওয়ায় উপকূলীয় গোটা অংশজুড়ে খাবার পানির জন্য হাহাকার চলছে। বর্তমানে পিকেএসএফ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলায় এক লাখ ৪০ হাজার লিটার খাবার পানি সরবরাহ করা হচ্ছে। বেসরকারি সংস্থা গণমুখী সংস্থা পরিচালক লুত্ফর রহমান জানান, পিকেএসএফের অর্থায়নে ও গণস্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় গণমুখী সংস্থা শ্যামনগর উপজেলার ২৩টি স্থানে প্রতিদিন এক লাখ ৩০ হাজার লিটার পানি সরবরাহ করছে। পানির চাহিদা ওইসব স্থানে এর চেয়ে তিন থেকে চার গুণ বেশি। কিন্তু তাঁরা পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কিছু করতে পারছেন না।সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শামিম আহমেদ বলেন, ‘খাবার পানির তীব্র সংকট চলছে। কিন্তু বরাদ্দ নেই। ইউনিসেফ থেকে অল্প কিছু বরাদ্দ পাওয়ায় প্রতিদিন গাবুরায় ৮-১০ হাজার লিটার ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী ও কলবাড়িতে দুই থেকে তিন হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। খাবার পানির সরবরাহ কীভাবে বাড়ানো যায়, তার চেষ্টা করা হচ্ছে।’