আইলা এলাকায় অবকাঠামো নির্মাণে খাদ্যমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলা উপদ্রুত এলাকায় বেড়িবাঁধ মেরামত ও খাওয়ার পানি সরবরাহ করতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিকে (সিডিএমপি) নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক। গতকাল বুধবার দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত কর্মসূচি সিডিএমপির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।কর্মশালায় সিডিএমপির পক্ষ থেকে বলা হয়, প্রথম পর্যায়ের কর্মসূচিতে উপকূলীয় জেলা ও বন্যাপ্রবণ এলাকার অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া শহর এলাকার জন্য দুর্যোগ-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজের প্রায় ৪৮ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ঝুঁকি হ্রাসে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।আইলায় ক্ষতিগ্রস্ত মানুষদের এখনো ঘরে ফিরিয়ে নেওয়া যায়নি, মন্তব্য করে আবদুর রাজ্জাক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। এ জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) সংশোধন করা হচ্ছে। এর ফলে দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালে জনগণের করণীয় সম্পর্কে সচেতন করা এবং দুর্যোগ-পরবর্তী সময়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী হবে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাস্টিন লি, ডিএফআইডির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস অস্টিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের যুগ্ম সচিব মো. আবদুল ওয়াজেদ এবং সিডিএমপির প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নিক রাসেল।