আইলা দুর্গত এলাকায় আয় কমেছে ৪৪ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলা দুর্গত এলাকায় প্রতিটি পরিবারের আয় ৪৪ শতাংশ কমে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ৬০ হাজার মানুষ কাজের খোঁজে অন্যত্র চলে গেছে। ভাঙা বেড়িবাঁধ মেরামত শেষ না হওয়ায় দুর্গত এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।আন্তর্জাতিক সংস্থা সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অব পোভার্টি ইরাডিকশন আইলা-বিধ্বস্ত এলাকায় এক জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে। গত অক্টোবর মাসজুড়ে করা জরিপ শেষে সম্প্রতি সংস্থাটি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে।এ ছাড়া আরও ছয়টি আন্তর্জাতিক সংস্থা তাদের যৌথ প্রতিবেদনে বলেছে, দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য ত্রাণ সহায়তা প্রয়োজন। গত ডিসেম্বর মাস থেকে সেখানে খাওয়ার পানির সংকট তীব্রতর হয়েছে। শীত বস্ত্রেরও সংকট দেখা দিয়েছে সম্প্রতি।আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার, সেভ দ্য চিলড্রেন-ইউএসএ, অক্সফাম-জিবি, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ক্যাথলিক রিলিফ সার্ভিসেস-সিআরএস ও ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়ে তৈরি জোট ইমার্জেন্সি ক্যাপাসিটি বিল্ডিংয়ের (ইসিবি) প্রতিবেদনে বলা হয়েছে, খুলনা ও সাতক্ষীরা জেলায় আট মাসেও বেড়িবাঁধগুলো মেরামত না হওয়ায় প্রায় দুই লাখ মানুষ তাদের বসতভিটায় ফিরতে পারেনি। দুর্গতদের স্থায়ী বসতি, খাদ্য ও খাওয়ার পানির জোগান নিশ্চিত হয়নি। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে।আইলায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে ৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে খুলনা ও সাতক্ষীরা জেলা প্রশাসন থেকে দুর্গতদের একটি তালিকা চাওয়া হয়েছে। জেলা প্রশাসন দুটি থেকে বলা হয়েছে তারা এখনো তালিকা তৈরি করছে। আইলা দুর্গত ৪৮ হাজার পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দেওয়া চালের ওপর ভরসা করেই দুর্গম ও দুর্গত এলাকার মানুষ কোনোমতে টিকে আছে। তবে জানুয়ারির ২০ দিন পার হলেও এখনো জেলাগুলোতে চলতি মাসের বরাদ্দ পৌঁছায়নি। জেলা প্রশাসন থেকে চাহিদা পাওয়ার পর গতকাল মঙ্গলবার নতুন করে আরও তিন মাসের জন্য ভিজিএফ চালের বরাদ্দের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।আইলার পরপর বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে দুর্গত মানুষের জন্য খাওয়ার পানি ও প্লাস্টিকের পাত্র দেওয়া হয়েছিল। বর্ষার পুরো সময় পাত্রে বৃষ্টির পানি ধরে রেখে এই লবণাক্ত এলাকার মানুষ পানির চাহিদা মেটাতো। গত তিন মাস ধরে সরকারি-বেসরকারি কোনো সংস্থা থেকে পানি ও পাত্র সরবরাহ করা হয়নি।পুনর্বাসনের চিত্র: খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকার থেকে পুনর্বাসন বাবদ পাওয়া ৯৬ কোটি টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল টিন ও নগদ আট হাজার টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি বরাদ্দ দেওয়া টিআর কর্মসূচির চাল দিয়ে উঁচু করে ঘর তোলার জন্য চিন্তা করা হচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে পরিবার চিহ্নিত করে তালিকা না পাঠানোর কারণে তা শুরু করা যাচ্ছে না।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দিতে বলেছি। তা হাতে পেলেই ঘর বানানোর টাকা ও টিন দেওয়া শুরু হবে।’ খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকার থেকে প্রথমে দুর্গতদের সংখ্যা জানতে চাওয়া হয়েছিল। তা জানানোর পর এখন আবার নামসহ তালিকা চাচ্ছে। তাই প্রকৃত দুর্গতদের চিহ্নিত করতে ঘরে ঘরে গিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা শেষ হলেই মন্ত্রণালয়ে তা পাঠানো হবে। বেড়িবাঁধ মেরামত হয়নি: পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, ১৬৬ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ পুরোপুরি ও আংশিক বিধ্বস্ত হয়েছে। পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন বেড়িবাঁধগুলো মেরামতের কাজ গত ডিসেম্বরে শুরু হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এ মাসেও তা শুরু হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ হাসমি সম্প্রতি আইলা দুর্গত এলাকা ঘুরে এসে বিধ্বস্ত বেড়িবাঁধগুলোর ওপর একটি প্রতিবেদন তৈরি করেছেন। তাতে দেখা গেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এক লাখ ৬৮ হাজার ৭৯১ জন ও আশাশুনিতে ৫৭ হাজার ৯০০ জন এবং খুলনার কয়রায় ৮৯ হাজার ৭০০ জন মানুষ ঝুঁকির মুখে আছে। এই মানুষগুলোকে আপাতত বিপদমুক্ত করতে বেড়িবাঁধ দ্রুত মেরামত করতে হবে। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রমের ওপরও জোর দিয়েছেন তাঁরা।