আইলা-দুর্গত এলাকায় পানির সংকট থেকে সংঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলা-দুর্গত এলাকায় পানির সংকট থেকে সংঘাতের ঘটনা ঘটছে। প্রয়োজনের ১০ শতাংশ পানিও সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁরা আশঙ্কা করছেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পানি নিয়ে সংঘর্ষের ঘটনা আরও বাড়তে পারে।গত মঙ্গলবার খুলনার দাকোপ উপজেলার চালনা বাজারের চালনা সরকারি ৫০ শয্যার হাসপাতালে গিয়ে দেখা গেছে, প্রায় ১০০ জন রোগী ভর্তি আছে। বেশির ভাগই পানিবাহিত রোগে আক্রান্ত। এদের মধ্যে পানি নিয়ে সংঘাতে আহত হয়ে গত শনিবার ১২ জন ভর্তি হয়েছিল।হাসপাতালের বারান্দায় আছেন দাকোপ উপজেলার গুনারি গ্রামের ৬০ বছর বয়সী বাবুরাম সর্দার। তাঁর চোখের পাশের ক্ষতে দুটি সেলাই পড়েছে। তিনি জানান, শনিবার বেলা ১১টায় একটি বেসরকারি সংস্থা থেকে চার ড্রাম পানি আনার পর গ্রামবাসী তা নিতে সারবেঁধে দাঁড়ায়। কিন্তু পাশের পাড়ার কয়েকজন একবার পানি নিয়ে আবারও লাইনে দাঁড়ানোয় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পাড়ার লোকদের মধ্যে হাতাহাতি, শেষে লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়। আহত ব্যক্তিদের ১০ জন চিকিৎসা নিয়ে চলে গেছে।দাকোপ উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন জানান, উপজেলায় প্রতিদিন কমপক্ষে এক লাখ লিটার পানি প্রয়োজন। সরকারি বিভিন্ন সংস্থা থেকে সাকল্যে ১০ হাজার লিটার পানি দেওয়া হচ্ছে। তাই কিছু দিন পরপর পানি নিয়ে মারামারি লেগে যাচ্ছে। তিনি বলেন, দ্রুত পানি সরবরাহ না বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।দাকোপ উপজেলা সদর, কামারখোলা, সুতারখালী, কালীনগরে গিয়ে মানুষকে পানির জন্য ছোটাছুটি করতে দেখা যায়। বেশির ভাগ পরিবারের শিশু-কিশোর ও বৃদ্ধরা পানি আনার কাজ করছেন। নৌকায় করে এক থেকে ছয় কিলোমিটার দূর থেকে অনেককে পানি আনতে দেখা গেছে।দাকোপের লোকজন জানায়, তাদের এলাকায় প্রতি বৈশাখে তিন-চারবার বৃষ্টি হয়। কিন্তু এবার এখনো বৃষ্টি নামেনি। কিছু এলাকায় বিশেষ করে চিংড়িঘের ছিল এমন এলাকায় মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। শুকিয়ে গেছে পুকুরও। লোকজন দূর-দূরান্ত থেকে পানি এনে জীবন ধারণ করছে। সংকট দেখা দেওয়ায় অন্য এলাকার লোকজনও পানি দিতে চাইছে না বলে জানিয়েছে কয়েকজন। সাতক্ষীরা জেলার গাবুরা ইউনিয়নেও পানি নিয়ে একই ধরনের সংকট দেখা গেছে। ইউনিয়নটির বেশির ভাগ পুকুরের পানি এখনো লবণাক্ত হয়ে আছে। এখানকার বেশির ভাগ মানুষ চার কিলোমিটার দূরের নিলডুমুর বাজার থেকে পানি এনে চাহিদা মেটাচ্ছে। কাঠের নৌকার অভাবে অনেকে বাঁশ-পলিথিনের তৈরি নৌকায় করে পানি আনছে। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শফিউল আজম প্রথম আলোকে জানান, গাবুরার ৩৬টি পুকুরের মধ্যে ২৮টি এখনো লবণপানি মুক্ত করা হয়নি। প্রতিদিনের পানির চাহিদা এক লাখ লিটার হলেও সরকারি-বেসরকারি সংস্থা মিলে মাত্র ১২ হাজার লিটার পানি সরবরাহ করছে।সাতক্ষীরার জেলা প্রশাসক আবদুস সামাদ বলেন, জেলার মাটি লবণাক্ত হওয়ায় এমনিতেই মিষ্টি পানির সংকট ছিল। আইলার পরে এই সংকট বেড়েছে। বর্ষায় বৃষ্টির পানিতে পুকুরগুলোতে মিষ্টিপানির সরবরাহ বাড়বে, তখন সংকট কিছুটা কাটবে।