আইলা-দুর্গত ৭০ হাজার মানুষ শুষ্ক মৌসুমের আগে ঘরে ফিরতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলা-দুর্গত ১৪ হাজার পরিবারের ৭০ হাজার মানুষকে আগামী শুষ্ক মৌসুমের আগে ঘরে ফেরাতে পারবে না সরকার। ঘূর্ণিঝড় আইলার ১৫ মাস পরও এসব মানুষকে আগামী বর্ষায় বাঁধের ওপর কাটাতে হবে। তবে এ সময় সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের থাকা, খাওয়া এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করবে।আজ বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ‘আইলার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত এক সভাশেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের এসব কথা বলেন। ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, আইলাকবলিত সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর এবং খুলনার দাকোপ ও কয়রা উপজেলার পাঁচটি ইউনিয়নের ছয়টি ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতে না পারায় সেখানকার অনেক মানুষকে এখনো ঘরে ফেরানো যায়নি।খাদ্যমন্ত্রী বলেন, আইলা-বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ সেনাবাহিনীর সদস্যদের নামিয়েও মেরামত করা সম্ভব হয়নি। আগামী শুষ্ক মৌসুমের আগে এসব বাঁধ মেরামত করা সম্ভব হবে না। তিনি বলেন, আগামী জুলাই মাসে এসব বাঁধ মেরামতের দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসেই মেরামতের কাজ শুরু করা হবে।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আইলা-দুর্গত দুটি জেলার চার উপজেলার দুর্গত মানুষদের আবাসন, খাওয়া ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে ইউএনডিপির নেতৃত্বে দাতা গোষ্ঠী প্রায় ৬৩ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই তারা এ ব্যাপারে মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠাবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে দেওয়া সহায়তাও অব্যাহত থাকবে।সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়ার পরও ১৫ মাসে ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে নিতে না পারার কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। কিন্তু ৪৭টি বাঁধের মধ্যে ছয়টি মেরামত করা সম্ভব হয়নি। দাতাদের সহায়তা সময়মতো না পাওয়াও এর একটি অন্যতম কারণ। তবে বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিপি) এ ছয়টি বাঁধ মেরামতে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের অর্থায়নেই আগামী শুষ্ক মৌসুমে এসব ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।আইলা-দুর্গত এলাকায় বাঁধ কেটে চিংড়ির জন্য পানি ঢোকানো বন্ধের পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী জানান, এসব এলাকায় চিংড়ির চাষও অত্যন্ত জরুরি। এতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তাই তাদের পানিপ্রবেশের জন্য স্থায়ী কাঠামো তৈরি করতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। তবে কোনোভাবেই বাঁধ কেটে বা ফুটো করে পানিপ্রবেশ করতে দেওয়া হবে না।