আইলা-দুর্গতদের বিপন্নতা তুলে ধরতে ৩৪ সাংসদকে চিঠি দেবে নাগরিক সংহতি
আইলা-দুর্গত অঞ্চলের মানুষের বিপন্নতা জাতীয় সংসদে তুলে ধরার জন্য বিরোধীদলীয় নেতাসহ উপকূলীয় ৩৪ জন সাংসদের কাছে খোলা চিঠি পাঠাবে নাগরিক সংহতি। আজ শুক্রবার সকালে জাতীয় জাদুঘরের সামনে একটি মানববন্ধনে অংশ নিয়ে তারা এ কথা জানিয়েছে। আগামী রোববার সাংসদদের ঠিকানায় এ চিঠিগুলো পাঠাবে নাগরিক সংহতি। খালেদা জিয়াকে তাঁর মঈনুল রোডের বাসভবনের ঠিকানায় এবং অন্য সাংসদদের এমপি হোস্টেলের নিজ নিজ ঠিকানায় চিঠিগুলো পাঠানো হবে।নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ জানিয়েছেন, সাংসদেরা যাতে বিপন্ন মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরেন সে জন্যই খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের সাংসদদের কাছে তাঁরা এ চিঠিগুলো পাঠাবেন। তাঁরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেই চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। চিঠিগুলোতে ওই বিপন্ন জনগণেরই কথা থাকবে।এ মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ইনামুল হক, নাগরিক সংহতির উপদেষ্টা জীবনানন্দ জয়ন্ত এবং ঢাকার খুলনা জেলা সমিতির সভাপতি বিশ্বাস আখতার হোসেন।