আইলাবিধ্বস্ত উপকূলীয় বাঁধ সংস্কারে দেরি নিয়ে ইইউর উদ্বেগ
ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার ১০ মাস পেরিয়ে গেলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭০০ কিলোমিটারের বেশি উপকূলীয় বাঁধ পুনর্নির্মাণ হয়নি। ফলে ঝুঁকির মুখে রয়েছে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড় শুরুর আগে জরুরি ভিত্তিতে ওই সব বাঁধ সংস্কারের কাজ শেষ না হলে ওই সব এলাকায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করবে। এ প্রেক্ষাপটে আইলাবিধ্বস্ত এলাকায় সংস্কারকাজে দেরি হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আজ মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে।ইইউ আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের মে মাসে আইলার আঘাতে দুই লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। তাদের অনেকেই এখন বাঁধের ওপর মানবেতর জীবন যাপন করছে। তাই মার্চের মধ্যেই উপকূলীয় বাঁধগুলোর সংস্কার জরুরি। কারণ বছরের এ সময়টাতে ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছ্বাস আঘাত হানে।এ প্রসঙ্গে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইন বলেন, গত ১০ মাস ধরে ঘূর্ণিঝড়ে পর্যুদস্ত হাজার হাজার মানুষ অস্থায়ী শিবিরে দিন কাটাচ্ছে। বাঁধগুলো জরুরি ভিত্তিতে সংস্কার না হলে ওই সব মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। কারণ আইলা আঘাত হানার পর অনেক পরিবারই কয়েকবার তাদের মাথাগোঁজার ঠাঁয় পাল্টেছে। হারিয়েছে তাদের বাড়িঘর ও জীবিকা।আইলা আঘাত হানার পর দুর্গত এলাকার মানুষের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, অস্থায়ী শিবির ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য ইউরোপীয় কমিশনের মানবিক সাহায্য বিভাগ (ইসিএইচও) নয় মিলিয়ন ইউরো সাহায্য হিসেবে দিয়েছে।