আইলার দুর্ভোগ কাটেনি-১ বেড়িবাঁধে ৪০ হাজার দুর্গত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাসেও ঘূর্ণিঝড় আইলা-বিধ্বস্ত মানুষ ঘরে ফিরতে পারেনি। আগামী এক বছরে ফিরতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে দুর্গতদের মনে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা যদিও বলছেন, আগামী মাসেই বেড়িবাঁধের কাজ শেষ হয়ে যাবে। তখন লোকজন ঘরে ফিরতে পারবে। কিন্তু তাঁদের এই কথায় আশ্বস্ত হতে পারছেন না আট মাস আকাশের নিচে থাকা দুর্গতরা। গত শুক্রবার খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী বন দপ্তরের কাছে ভাঙা বেড়িবাঁধে বসে কথা হয় মজিদ গাজীর (৫৫) সঙ্গে। এখানে তিনি আশ্রয় নিয়েছেন গত বছর ২৫ মে, আইলা আঘাত হানার পরের দিন। তাঁর ঘরবাড়ি ভেসে গেছে। বললেন, ‘নিজের ভিটা এখন নিজেই চিনতে পারি না। প্রতিদিন জোয়ার-ভাটায় ডুবায়-ভাসায়।’ মজিদ গাজীর সঙ্গে কথা বলার সময় ভিড় জমায় অন্য দুর্গতরা। সবার এক কথা—বেড়িবাঁধ না হওয়া পর্যন্ত বাড়িঘরে ফেরার কোনো সুযোগ নেই। এ বছর তাঁরা কোনো ফসল করতে পারেননি। এক থেকে দেড় মাসের মধ্যে যদি বেড়িবাঁধ মেরামত ও সংস্কার করা না হয়, তাহলে আগামী বছরও কোনো ফসল ফলানো যাবে না।সুন্দরবন-সংলগ্ন এই এলাকা খুলনা জেলার দাকোপ উপজেলার ৩২ নম্বর পোল্ডারের (লোনাপানি থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ দিয়ে ঘেরা অঞ্চল) মধ্যে। দাকোপ উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন জানিয়েছেন, সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ আইলায় ক্ষতিগ্রস্ত হয়। এদের ৮০ শতাংশ, সংখ্যায় প্রায় ৪০ হাজার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এই বিপুলসংখ্যক মানুষ। এরা সুতারখালী, কামারখোলা, কালিনগর, নলিয়ান— এসব গ্রামের বাসিন্দা। সুতারখালী গ্রামের রিজিয়া বলেন, ‘প্রথম প্রথম ত্রাণ পেতাম। এখন আর তাও পাই না।’ এখন বেড়িবাঁধের বাসিন্দা এই মানুষগুলোর অভিযোগ, আইলার পর থেকে সরকার পরিবার-প্রতি মাসে ২০ কেজি করে চাল বরাদ্দ দিচ্ছে। তবে তাঁরা হাতে পান ১৬ থেকে ১৮ কেজি। স্থানীয় মেম্বাররা চাল কম দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, নৌকায় করে চাল আনতে তাঁদের খরচ হয়। সরকারিভাবে এই খরচ দেওয়া হয় না। তাই পরিবার-প্রতি দুই থেকে চার কেজি চাল কম দিয়ে পরিবহন খরচ মেটাতে হয়। আইলায় ৩২ নম্বর পোল্ডারের কামারখোলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় থেকে শুরু করে নলিয়ান বন দপ্তর পর্যন্ত ২০ কিলোমিটার বেড়িবাঁধের কোথাও সম্পূর্ণ বা কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ষাটের দশকে পোল্ডারটি তৈরির সময় যেসব বড় খাল ও নদীর গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, তেমন তিনটি খালের মুখ আইলার আঘাতে ভেঙে যায়। এই পোল্ডারে সবচেয়ে বেশি পানি ঢুকছে নলিয়ান নদী দিয়ে। নলিয়ান নদীর মুখ বন্ধ করার কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। স্থানীয় সাংসদ ননী গোপাল মণ্ডল প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ড এই নদীর মুখ বন্ধ করার যে উদ্যোগ নিয়েছিল তা ব্যর্থ হয়েছে। তিনি জানান, নলিয়ান নদীর মুখ বন্ধ না করে নদীর দুই পাশ দিয়ে বড় বেড়িবাঁধ দেওয়া হবে।একই জায়গায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘এ বছর সম্ভব না হলেও আগামী বছর আমরা নলিয়ান নদীর মুখ বন্ধ করে দেব।’এই দুই জনপ্রতিনিধি জানান, ৩২ নম্বর পোল্ডারের বিভিন্ন জায়গায় রাস্তা নির্মাণের কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই নির্মাণকাজ শেষ হবে। তখন সব মানুষ নিজের ভিটায় ফিরে যেতে পারবে।কিন্তু এলাকার মানুষ বলেছেন, নলিয়ান নদী না বাঁধলে আগামী বর্ষা মৌসুমে পুরো পোল্ডারটি তলিয়ে যাবে। তাঁদের আশঙ্কা, আগামী বছরও তাঁরা কোনো ফসল ফলাতে পারবেন না।পানীয় জলের সংকট: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানীয় জলের সংকট বেশ পুরোনো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নদীর পানি সবচেয়ে লবণাক্ত থাকে। অধিকাংশ নলকূপের পানি হয়ে পড়ে পানের অযোগ্য। কিছু এলাকায় পুরোনো বড় বড় পুকুর আছে, এলাকার মানুষ সেসব পুকুরের পানি ব্যবহার করত। আইলার কারণে সেসব পুকুরের পানিও লবণাক্ত হয়ে গেছে। ফলে পুরো এলাকায় চলছে খাওয়ার পানির তীব্র সংকট। আইলার পর বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা দুর্গত এলাকায় পানির পাত্র ও বোতল দিয়েছিল। স্থানীয়রা এই পাত্রগুলোতে বর্ষার পানি ধরে রেখেছিল। গত এক মাস হলো তাও ফুরিয়ে গেছে। এখন মানুষ দূর-দূরান্ত থেকে পানি এনে খাচ্ছে ও রান্না করছে। কালিনগর বাজার জেলা শহর খুলনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। এই বাজারের একাধিক ব্যবসায়ী খুলনা থেকে পানি কিনে ব্যবহার করছেন বলে জানান।স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, স্থানীয় উদ্যোগে পানীয় জলের এই অভাব পূরণ করা সম্ভব হবে না। খুলনা থেকে পানি এনে এত মানুষকে খাওয়াতে হলে সরকারকেই সেই উদ্যোগ নিতে হবে। সংকট উত্তরণে এনজিওগুলোকেও এগিয়ে আসার কথা বলেছেন তাঁরা।