আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে অংশ নিচ্ছে সেনাবাহিনী
ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে সেনাবাহিনীকে যুক্ত করা হচ্ছে। মার্চের মধ্যে বাঁধগুলোর মেরামতকাজ শেষ করতে সরকারের উচ্চপর্যায় থেকে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হলে তারা এ ব্যাপারে সম্মতি দেয়। সেনাবাহিনী চলতি সপ্তাহের মধ্যেই মেরামতকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পাউবোর একাধিক কর্মকর্তা জানান, সেনা কর্তৃপক্ষ বেসামরিক প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে মেরামতকাজে সহযোগিতা করবে বলে সম্মতি দিয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর একটি বিশেষ দল গিয়ে খুলনা ও সাতক্ষীরা উপকূলের বিধ্বস্ত বেড়িবাঁধগুলোর অবস্থা সরেজমিনে দেখে এসেছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, যেকোনো মূল্যে বর্ষার আগে বেড়িবাঁধগুলোর মেরামতকাজ শেষ করা হবে। সে জন্য সেনাবাহিনীকে এ কাজে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দ্রুত ও কার্যকরভাবে বাঁধ মেরামত করতে স্থানীয় জনগণ ও পাউবো থেকেও সেনাবাহিনীকে যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রণালয় থেকে বাঁধ মেরামতে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আলোচনা করে তাদের যুক্ত করার ব্যাপারে অনুমোদন দেন।দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গত ২ ও ৩ মার্চ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর পাউবোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলে তাঁরা বর্ষার আগে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন বলে জানান। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেনাবাহিনীকে বাঁধ মেরামতে যুক্ত করার ব্যাপারে সম্মতি দেয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এ এম এম সফিউল্লাহ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, উপকূলীয় বেড়িবাঁধ এলাকার ভূমির ধরন পরীক্ষা-নিরীক্ষা না করে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ায় তা আবারও ভেঙে গেছে বলে মনে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উচিত ছিল বেড়িবাঁধগুলো ভাঙার কারণ খতিয়ে দেখতে। কীভাবে মেরামত হলে তা আর ভাঙবে না, সে সম্পর্কে একটি সমীক্ষা চালানোর পর মেরামত শুরু করতে হবে। গত এক সপ্তাহে আইলায় ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা জেলার চারটি স্থানে বেড়িবাঁধ নতুন করে ভেঙে শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে যায়। বর্ষায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের পক্ষ থেকে মার্চের মধ্যে বাঁধ মেরামত শেষ করার দাবি জানানো হয়। এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের কাজে নিয়োজিত সরকারি-বেসরকারি সংস্থাগুলো থেকে সরকারকে জানানো হয়েছে, বাঁধ মেরামত করা না হলে তারা বড় ধরনের পুনর্বাসনের কাজ শুরু করতে পারবে না।পাউবো সূত্রে জানা গেছে, আইলায় ৪৭টি পোল্ডার ক্ষতিগ্রস্ত হয়। ছয় লাখ হেক্টর জমিতে পানি ঢুকে পড়ে। চলতি সপ্তাহ পর্যন্ত ৪৩টি পোল্ডার মেরামত করা হয়েছে। ছয়টি মেরামত না হওয়ায় এখনো ৪৬ হাজার হেক্টর জমি প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।