আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামত করা হবে: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আইলায় আক্রান্ত এলাকায় ভাঙা বেড়িবাঁধগুলো দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশ দেওয়া হয়েছে। শুষ্ক মৌসুমের মধ্যে এসব বেড়িবাঁধ মেরামত করা সম্ভব কি না তা পাউবো এক সপ্তাহের মধ্যে সরকারকে জানাবে। যদি পাউবো দ্রুত বেড়িবাঁধ মেরামত করতে না পারে তাহলে সরকার সামরিক বাহিনী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এ কাজটি সম্পন্ন করবে। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) আয়োজিত ‘আইলার বাস্তবতায় অধিকারভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আইলার কারণে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁধ মেরামতের বিষয়টিকে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার করার মতো করে দেখতে চায় সরকার।’ তিনি জানান, এ ব্যাপারে ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। সেমিনারে বেলা আইলায় ক্ষতিগ্রস্ত চারটি জেলাকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবি জানিয়ে বলে, দুর্গত এলাকায় মানুষ যেসব দুর্ভোগের শিকার হয়, যেসব মানবিক সংকট দেখা দেয়, তার প্রায় সবকিছুই আইলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যমান।সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আইলার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ এখনো মেরামত করা হয়নি। ফলে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনার দাকোপ ও কয়রা উপজেলার কয়েক লাখ মানুষ এখনো ঝুঁকির মুখে রয়েছে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ জীবনধারণের প্রয়োজনীয় উপাদানের ব্যবস্থা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।