আইসক্রিমের প্রেমে মজেছে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে বইছে পরিবর্তনের হাওয়া। এ হাওয়ার ঝাপটায় তাদের খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন। লিবিয়ার মানুষ এখন আইসক্রিম বলতে অজ্ঞান। বলতে গেলে, তারা এই সুস্বাদু খাবারের প্রেমে মজেছে।একটা সময় ছিল, যখন বলা হতো আসল আইসক্রিমের স্বাদ পেতে হলে ইতালি যাও। সেখানে ‘জেলাতো’ বলে যে আইসক্রিম পাওয়া যায়, তা স্বাদে ও গন্ধে অন্যান্য দেশের আইসক্রিমের চেয়ে সমৃদ্ধ। এখন লিবিয়ায় যেভাবে আইসক্রিমের প্রসার ঘটছে, এতে দেশটি আইসক্রিমের আরেক স্বর্গ হতে চলেছে।আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গাদ্দাফির শাসনামলে ব্যবসার জন্য নিবন্ধন পাওয়া বা ফুটপাতে ব্যবসা করার অনুমতি পাওয়া খুব কঠিন ছিল। তাই ইচ্ছা থাকলেও কেউ ওই পথে হাঁটতেন না। এখন দিন বদলেছে। আগের মতো কড়াকড়ি না থাকায় সহজেই মানুষ দোকান খুলে ব্যবসা করতে পারছে।এরই ধারাবাহিকতায় লিবিয়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে আইসক্রিম, কফি, পিত্জাসহ নানা খাবারের দোকান। এমন দোকান সবচেয়ে বেশি দেখা যায় রাজধানী ত্রিপোলিতে। এ ব্যাপারে ব্যবসায়ীরা অনুপ্রেরণা পেয়েছেন ইতালির দোকানগুলোর ধারণা থেকে। এর আগে লিবিয়ার ওপর ইতালির এমন প্রভাব কখনো দেখা যায়নি। গাদ্দাফির পতনের আগে ত্রিপোলিতে আইসক্রিমসহ নানা মিষ্টান্নের জন্য একটিমাত্র দোকান ছিল। এখন প্রতিটি ব্যস্ত সড়কে গড়ে উঠছে আইসক্রিমের দোকান।এমন এক দোকান বুয়েনিসিমোর মালিক হোসেন বানাউর বলেন, লিবিয়ার মানুষ এখন আইসক্রিম খেতে পছন্দ করছে। তারা আগে এর স্বাদ নিতে পারত না। এমন একটি দোকান দেওয়ার চিন্তা তিনি ইতালিতে থাকার সময় করেছিলেন। বানাউর জানান, তাঁর ছোট ভাই আইসক্রিমসহ নানা মিষ্টান্নের স্বাদ ও গন্ধে পরিবর্তন আনার কাজ করে যাচ্ছেন। তবে চকলেট স্বাদের স্নিকার্স, বাচি ও নুটেলার ওপর বেশি জোর দেওয়া হয়। এর মধ্যে নুটেলা সবচেয়ে বেশি জনপ্রিয় বলে তিনি জানান। দেশটির জারগারেশ নগরের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গিলাতিইতালিয়া নামের আরেকটি আইসক্রিমের দোকান খোলা হয়েছে। ইতালির নানা স্থাপনার উজ্জল রঙের ছবি সাজানো হয়েছে দোকানটি। এই দোকানটির মালিক রুয়েদা আল-রায়েস নামের এক নারী। তিনি জানান, তাঁর দুটি দোকান। শীতকালেও দোকান খোলার সঙ্গে সঙ্গে সব বয়সী মানুষের ঢল নামে। ওই দোকানে আসা সাত বছরের এক শিশু এর প্রমাণও দিল। উচ্ছ্বসিত কণ্ঠে সে জানাল, ‘আমি আইসক্রিম পছন্দ করি।’ ফুটপাতে মিষ্টির দোকান দিয়ে ব্যবসা করছেন মোহামেদ গোলাম। তিনি জানান, তিনি তিউনিসিয়ায় ছিলেন। আরব বসন্তের সময় দেশটিতে সংকট সৃষ্টি হলে তিনি দেশে ফিরে আসেন এবং নিজের ট্যাক্সিটিকে আইসক্রিম ভ্যানে রূপান্তরিত করেন। যে কয়জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলা হলো, সবাই জানালেন ইতালির বাহারি খাবারের দোকান দেখেই তাঁরা এমন ব্যবসায়ে উত্সাহী হয়েছেন। হাসতে হাসতে রুয়েদা আল-রায়েস বলছিলেন, লিবিয়ার মানুষ খেতে পছন্দ করে। এখানে খাও, খাও, আর খাও—বিশেষ করে মিষ্টি।’