আইসিইউ সুবিধা নেই জেনে বিস্মিত শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের কোনো হাসপাতালে আইসিইউ সুবিধা নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।আজ শুক্রবার দুপুরে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প ও বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ বিস্ময় প্রকাশ করেন। শ্রমমন্ত্রী বলেন, ফরিদপুরের কোনো হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, অবিলম্বে এই সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের চিকিত্সা সেবা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে মানুষকে চিকিত্সার জন্য আর ঢাকা বা ভারতে যেতে না হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজগর। তিনি অবিলম্বে এই ইউনিট খোলার দাবি জানান।ফাউন্ডেশনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদ, ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, স্বাধীনতা চিকিত্সক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব এম ইকবাল আহসানুল হক প্রমুখ।