আইসিটি সংশোধনী বিল উত্থাপন, সংক্ষুব্ধের আপিলের সুযোগ বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, ১৯৭৩ (সংশোধন) বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আজ বুধবার রাতেই আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটি যাচাই-বাছাই করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। আগামী রোববার এ বিল পাস হবে। বিলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার, দণ্ডিত ব্যক্তি ও যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রাখা হয়েছিল। তবে সংসদীয় কমিটি রাতে সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখার বিধানটি বাতিল করেছে। কমিটি সরকারপক্ষ, বাদী ও বিবাদীপক্ষের আপিলের সুযোগ রেখে প্রতিবেদন তৈরি করেছে।সংসদীয় কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটির প্রতিবেদন কাল বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করা হবে। রোববার বিল পাস হবে। কমিটির সদস্য আবদুল মতিন খসরু বলেন, যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখলে যেকোনো মামলায় হাজার হাজার আপিল হতে পারে। এতে পুরো বিচারপ্রক্রিয়া বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে। সে জন্য কমিটি বিধানটি বাতিল করতে বলেছে।এর আগে আজ বিকেল সাড়ে চারটার দিকে অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিলটি কমিটিতে পাঠানোর পরপরই আজ রাতে কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে বসে। দীর্ঘ সময় বৈঠক করার পর প্রতিবেদন চূড়ান্ত করে। বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন, ১৯৭৩ অনুযায়ী আসামির দণ্ডাদেশের বিরুদ্ধে সরকার বা বাদীপক্ষের আপিলের সুযোগ নেই। অর্থাত্ সরকারপক্ষ দণ্ডাদেশ বাড়ানোর জন্য আপিল করতে পারবে না। কেবল আসামি খালাস পেলেই সে আদেশের বিরুদ্ধে সরকারের আপিল করার সুযোগ আছে। সম্প্রতি জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে শাহবাগসহ দেশব্যাপী তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে উঠলে সরকার আপিল করার জন্য বিদ্যমান আইনের ২১ ধারার সংশোধনীর সিদ্ধান্ত নেয়। প্রস্তাবিত আইনের ২১(৪) উপধারায় বলা হয়েছে, আপিল আবেদন দাখিলের ৪৫ দিনের মধ্যে আপিল বিভাগকে তা নিষ্পত্তি করতে হবে। তবে প্রয়োজনে আরও ১৫ দিন সময় বাড়ানো হতে পারে। তবে সংসদীয় কমিটি এই বিধানটি সংশোধন করে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান করার সুপারিশ করেছে। জঙ্গিবাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনালশীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সদস্যদের বিচারে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিগগিরই কাজ শুরু করা সম্ভব হবে। আজ বুধবার সংসদে সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা জানিয়েছেন।এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সরকারি দলের সাংসদ কবিরুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারে দুটি ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করছে। একই ট্রাইব্যুনালে জেলা ও উপজেলার সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে বলে আশা করা যায়।