আইসিডিডিআরবিতে প্রতিদিন ৬০০ রোগী ভর্তি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) গত তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভর্তির হার বেড়ে গেছে। এখানে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ রোগী আসছে, যার অধিকাংশই শিশু। আইসিডিডিআরবির চিকিৎসকেরা এ কথা জানান। তাপমাত্রা বেড়ে যাওয়াকে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন আইসিডিডিআরবির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়াসা তার গ্রাহকদের পানি সরবরাহ করতে পারছে না। সরবরাহ ঠিক রাখতে গিয়ে পানি দূষিত হয়ে পড়ছে। এই পানি পান করে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।গতকাল আইসিডিডিআরবিতে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর সবুজবাগ, মিরপুর, খিলগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা, যাত্রাবাড়ী, বাড্ডা ও রামপুরা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও সাভার থেকে রোগী আসছে। আইসিডিডিআরবিতে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বাড়তি রোগীর চাপ মোকাবিলায় হাসপাতালে নির্মিত দুটি তাঁবুতে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার ৬৪৬ জন, শনিবার ৬৫৭, শুক্রবার ৫৮৩ ও বৃহস্পতিবার ৫৫৮ জন রোগী ভর্তি হয়। রোগীদের মধ্যে ৫৫ শতাংশই শিশু। এর মধ্যে ৩০ শতাংশ মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত। ডায়রিয়ার চিকিৎসাডায়রিয়ার চিকিৎসা সম্পর্কে আইসিডিডিআরবির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহাদাত বলেন, রোগীকে বেশি করে স্যালাইন খাওয়াতে হবে। সব অবস্থায় বিশুদ্ধ পানি পান করাতে হবে। এ ক্ষেত্রে পানি ফুটিয়ে পান করানো অথবা পানি বিশুদ্ধকরণ বড়ি কিংবা সোডিয়াম হাইড্রোক্লোরাইট (এটি বাজারে ক্লোরেট নামে কিনতে পাওয়া যায়) দিয়ে পানি বিশুদ্ধ করে পান করাতে হবে। রাস্তার পাশে বিক্রি করা ফলের রস, আখের রস, শরবত খাওয়া যাবে না। ছয় মাসের কম বয়সী শিশুদের ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। তড়িঘড়ি করে কোনো অ্যান্টিবায়োটিক না খাইয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।