আইসিডিডিআরবিতে রোগীর সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। আজ বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩৯৯ রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছে। অতিরিক্ত রোগীর জন্য আইসিডিডিআরবির মূল ভবনের সামনে তাঁবু টাঙিয়ে চিকিত্সার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।আইসিডিডিআরবির চিকিত্সকেরা জানিয়েছেন, চলতি সপ্তাহে ভর্তি হওয়া রোগীদের ২৫ শতাংশ তীব্র ডায়রিয়ায় ভুগছে। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে শিশুর সংখ্যা ৬০ শতাংশ বলে জানিয়েছেন চিকিত্সকেরা। আজ আইসিডিডিআরবিতে গিয়ে দেখা গেছে, শিশুদের পাশাপাশি বৃদ্ধ ও তরুণ বয়সের রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিডিডিআরবির মূল ভবনের বাইরে গাড়ি রাখার স্থানে তাঁবু টাঙিয়ে চিকিত্সা দেওয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে আইসিডিডিআরবির বিজ্ঞানী আজহারুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তাপমাত্রা বাড়লেও বিশুদ্ধ খাবার পানির সংকট কমছে না। পানিতে দুর্গন্ধ ও দূষণমুক্ত নয়। একই সঙ্গে প্রতিদিন রাজধানীতে ঢুকছে বহু দরিদ্র মানুষ। পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে এরা প্রবল স্বাস্থ্যঝুঁকিতে থাকে। ডায়রিয়ার প্রকোপের কারণে এ ধরনের মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হয়।আজহারুল ইসলাম খান আরও বলেন, ডায়রিয়ার রোগীকে দ্রুত পরিমাণমতো খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। তার পরও পরিস্থিতি খারাপ হলে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিতে হবে।