আইসিসিকে আইপিএল তত্ত্বাবধান করার পরামর্শ মিয়াঁদাদের
আইপিএল কেলেঙ্কারি নিয়ে সৃষ্ট বিতর্কের প্রতিক্রিয়ায় সামনের দিনগুলোতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) এ প্রতিযোগিতা তত্ত্বাবধানের পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। যথাযথ তত্ত্বাবধান ছাড়া ব্যক্তিগতভাবে এ ধরনের প্রতিযোগিতা আইসিসি চলতে দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।মিয়াঁদাদের যুক্তি হচ্ছে, যেহেতু আইপিএলে বিদেশি খেলোয়াড়েরাও অংশগ্রহণ করেন, তাই বিদেশি স্বার্থও এর সঙ্গে জড়িত। তাই এটিকে কোনো দেশের ঘরোয়া প্রতিযোগিতা হিসেবে দেখা ঠিক হবে না।আইপিএল কেলেঙ্কারিকে ‘প্রত্যাশিত’ অভিহিত করে মিয়াঁদাদ বলেন, বোর্ডকে পাশ কাটিয়ে যখন ব্যক্তিগত উদ্যোগে কোনো প্রতিযোগিতা চালানোর অনুমতি দেওয়া হয়, তখন এ রকম সমস্যা তৈরি হতে বাধ্য।পাকিস্তানের সাবেক এ কোচ ও অধিনায়ক মনে করেন, আইপিএলে পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের সঙ্গে সরাসরি দর-কষাকষির মাধ্যমে একটি বাজে রীতির সৃষ্টি হচ্ছে। এখানে খেলার চেয়েও টাকাকে বড় করে দেখা হচ্ছে। ব্যাপারটা এমন—তোমার দেশ তোমাকে যা দেয়, তার চেয়ে তিনগুণ বেশি টাকা আমরা দেব।টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বকাপ এখন আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা। অথচ সবাইকে মাথা ঘামাতে হচ্ছে আইপিএল নিয়ে। মিয়াঁদাদের প্রশ্ন, এ পর্যন্ত অনেক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। তার পরও কেন আইপিএলের মতো প্রতিযোগিতার প্রয়োজন হয়?