আইসিসিতে পাঠানোর আগে লিবিয়াতেই বিচার হবে গাদ্দাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর আগে লিবিয়াতেই বিচারের মুখোমুখি করা হবে। বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) মুখপাত্র আবদেল হাফিজ ঘোগার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়। ঘোগা গতকাল মঙ্গলবার মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুদ্ধাপরাধের অভিযোগে গত মে মাসেই আইসিসি গাদ্দাফিকে অভিযুক্ত করেছে। তিনি এখনো লিবিয়ায় আছেন এবং তাঁর পালানোর আর কোনো সুযোগ নেই।বিদ্রোহী এ নেতা বলেন, ‘গাদ্দাফি লিবিয়াতেই আছেন। যদি ত্রিপোলিতে তিনি না থাকেন তাহলে হয়তো দেশের মধ্যাঞ্চল বা দক্ষিণাঞ্চলে পালিয়ে থাকতে পারেন। আমরা গাদ্দাফিকে ধরার জন্য উত্সুক হয়ে আছি।’বিদ্রোহীরা গাদ্দাফিকে পালিয়ে যেতে সাহায্য করবে কি না, এমন এক প্রশ্নের জবাবে ঘোগা বলেন, ‘এটা অসম্ভব। আদৌ তাঁর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরা পড়া ছাড়া তাঁর সমানে কোনো বিকল্প পথ নেই।’গতকাল গাদ্দাফির বাসভবন বাব আল আজিজিয়া ঢুকে পড়ে বিদ্রোহীরা। তবে গাদ্দাফি বা তাঁর পরিবারের সদস্যদের ভাগ্যে কী ঘটেছে, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।