আইসিসির পরিকল্পনায় জয়েসের ভয়
আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের উন্নতি চোখের পড়ার মতো। ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্বে ১৯৯২ চ্যাম্পিয়ন পাকিস্তান এবং সুপার এইটে বাংলাদেশকে হারিয়ে সেই উন্নতির প্রমাণ তারা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ওই সাফল্য আইরিশ ক্রিকেটকে তুলে এনেছে আলোকিত মঞ্চে। ক্রিকেটকে এগিয়ে নিতে আইরিশরা নানা পদক্ষেপও নিয়েছে।লক্ষ্য তাদের সহযোগী সদস্যের বেড়া ডিঙিয়ে টেস্ট আঙিনায় পা রাখা। টেস্ট মর্যাদা পেতে এরই মধ্যে আইসিসির কাছে আবেদনও করেছে তারা। কিন্তু ক্রিকেট নিয়ে আইরিশদের যখন উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা, ঠিক তখনই বিশ্বকাপ থেকে সহযোগী সদস্যদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল আইসিসি। এড জয়েসের ভয় আইসিসির এই ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত আয়ারল্যান্ডের ক্রিকেটকে পেছনে ঠেলে দেবে, আঘাত করবে তাঁদের টেস্ট স্বপ্নেও, ‘এই সিদ্ধান্ত দেশ বা জাতি হিসেবে আমাদের পেছনের দিকে নিয়ে যাবে।’এড জয়েসের জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটের হাতেখড়ি আয়ারল্যান্ডে। কিন্তু ২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ইংল্যান্ডের জার্সি পরে। সেই অভিষেকও আবার জন্মভূমি আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যান ইংল্যান্ড দলের হয়ে। বিস্ময়করভাবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও সুপার এইটের ম্যাচে তাঁকে মুখোমুখি হতে হয় আয়ারল্যান্ডের বিপক্ষে। কষ্টের, না দুঃখের সেটা জয়েসই জানেন, তবে জন্মভূমির বিপক্ষে দুবারের মুখোমুখিতে একবারও হাসেনি তাঁর ব্যাট।ইংল্যান্ডের পাট চুকিয়ে এড জয়েস আবার ফিরে গেছেন আয়ারল্যান্ডে। উপমহাদেশের বিশ্বকাপ খেলতে এসেছেন জন্মভূমি আয়ারল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে।কিন্তু এড জয়েসকে বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আইসিসির ওই সিদ্ধান্ত। গত সপ্তাহে আইসিসি ঢাকায় নিশ্চিত করেছে, ২০১৫ বিশ্বকাপ থেকে দলের সংখ্যা ১৪ থেকে দশে নামিয়ে আনা হবে। প্রতিক্রিয়ায় জয়েস বলেছেন, ‘ক্রিকেট জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের এই বৈশ্বিক টুর্নামেন্টে খেলা প্রয়োজন। আগামী বিশ্বকাপে আমরা যদি খেলতে না-ই পারি, স্পষ্টতই সেটা হবে ক্রিকেট জাতি হিসেবে আমাদের জন্য বড় আঘাত।’আয়ারল্যান্ডের বর্তমান দল সম্পর্কে বলেছেন, ‘আমাদের কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। এবং এ মুহূর্তে আমরা ভালো একটি দল পেয়েছি। কাজেই আমরা আশা করছি, ওই সিদ্ধান্ত কার্যকর হবে না।’ বিশ্বকাপ খেলতে না পারলে সহযোগী দেশগুলোর উঠতি খেলোয়াড়েরা অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবে বলেই শঙ্কিত তিনি। রয়টার্স।