আইয়ুব বাচ্চু, পিলু খান ও বাপ্পা খুঁজবেন নতুন ব্যান্ডশিল্পী
এলআরবির আইয়ুব বাচ্চু, রেনেসাঁর পিলু খান ও দলছুটের বাপ্পা মজুমদার এবার নতুন ব্যান্ডশিল্পী খুঁজবেন। ‘গেট সেট রক’ নামের প্রতিযোগিতায় বিচারক হয়েছেন তাঁরা। আর এই প্রতিযোগিতার আয়োজন করছে যৌথভাবে চ্যানেল আই ও নেসক্যাফে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন থেম, সাপ্লাই চেইন পরিচালক নকীব খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং প্রতিযোগিতার তিন বিচারক।এখানে জানানো হয়, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যান্ডের জন্য বাদ্যযন্ত্রশিল্পী খোঁঁজা হবে। পরবর্তীকালে সেরা প্রতিযোগীদের নিয়ে গঠন করা হবে সাতটি ব্যান্ড। এখান থেকে কয়েকটি ধাপে নির্বাচন করা হবে সেরা ব্যান্ড। দেশের ছয়টি বিভাগীয় শহরে প্রতিযোগীদের নাম নিবন্ধন শুরু হবে ৩ ডিসেম্বর। এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে ৩০ ডিসেম্বর।