আউটসোর্সিংয়ে মারজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে। ঢাকা থেকে যশোর। স্বামী-সংসার সামলে উচ্চমাধ্যমিক পড়াশোনা। এরই মধ্যে কোলজুড়ে এল ফুটফুটে এক ছেলে। স্বামী-সন্তান-সংসার সামলে স্থানীয় কলেজেই স্নাতকে ভর্তি হওয়া। পড়াশোনা চলছে এখনো। বাংলাদেশের অনেক মেয়ের গৃহিণী হয়ে ওঠার কাহিনি এমনটাই। এরপর বড়জোর স্নাতকোত্তর সনদ। তারপর আবার সংসার। কিন্তু এ কাহিনি যাঁর, সেই মারজান আহমেদ তা হতে দেননি। আগ্রহ, চেষ্টা আর পরিশ্রমে তাঁর নিজের কাজের ক্ষেত্রে বিশ্বসেরাদের তালিকায় নিয়ে গেছেন নিজেকে। সন্তান, সংসার দেখতে হবে তাই উচ্চমাধ্যমিকে ভালো ফল করেও মারজান কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেননি। যশোরের সরকারি এম এম কলেজে ইংরেজিতে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়ে গেলেন। কম্পিউটারের কিছু বিষয়ে ডিপ্লোমা কোর্স করলেন। ঘরে বসে কিছু করা যায় কি না—ভাবতেন মারজান। বললেন, ‘ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতে করতেই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজের ব্যাপারে আগ্রহী হয়ে উঠি। খুঁজে বের করি আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার ওয়েবসাইট।’পশ্চিমা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নানা ধরনের কাজ ইন্টারনেটের মাধ্যমে অন্য দেশ থেকে করিয়ে নেয়। এই কাজটাকে এককথায় বলে আউটসোর্সিং। এ কাজগুলো যেসব ওয়েবসাইটে পাওয়া যায় সেগুলোকে বলে অনলাইন মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসের মধ্যে জনপ্রিয়তার মধ্যে দুই নম্বরে আছে ফ্রিল্যান্সার ডট কম। মারজান এই ফ্রিল্যান্সারেই কাজ শুরু করেন ২০১০ সালের মে মাস থেকে। ‘যেহেতু আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, তাই লেখালেখির কাজ খুঁজতাম। এগুলো মোটামুটি পণ্যের পরিচিতিমূলক লেখা। প্রথমে আমি যে কাজটা পাই, সেটা করার পর কাজদাতা নেতিবাচক পর্যালোচনা (রিভিউ) লিখেছিলেন। টাকাটাও পাইনি।’ নেতিবাচক অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছিল মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) মারজান আহমেদের কাজ। ফ্রিল্যান্সার ডট কম সাইটে নিবন্ধিত পেশাজীবীর সংখ্যা এখন ৭১ লাখের বেশি। বিস্ময়কর তথ্য হচ্ছে, এই সাইটে সারা বিশ্বে মারজানের অবস্থান (র‌্যাঙ্কিং) ১৩ নম্বরে। বাংলাদেশের ফ্রিল্যান্সারের মধ্যে তাঁর অবস্থান দ্বিতীয়। আর বিশ্বে নারী ফ্রিল্যান্সারদের মধ্যে মারজান শীর্ষস্থানটি অর্জন করেছেন। এখন প্রতি ঘণ্টায় কাজের জন্য মারজান নেন ১৩০ ডলার।‘প্রথম কয়েকটি কাজে ব্যর্থ হওয়ার পর আমি হাল ছাড়িনি। ফ্রিল্যান্সার ডট কম ছেড়ে অন্য কোনো সাইটেও যাইনি। ওই সময় ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে পরামর্শ দেবে, এমন কেউই আমার পরিচিত ছিল না। আমি যে কাজটা করি তা হলো, নিজের প্রোফাইলটা নতুন করে সাজাই।’ বলেন, মারজান। এর পর থেকে কাজ পেতে থাকেন মারজান। অনেক ভালো রিভিউ জমতে থাকে তাঁর প্রোফাইলে। কাজ বাড়তে থাকে। ‘আমার সুবিধা হলো আমি ২৪ ঘণ্টাই ক্লায়েন্টের যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারি। ঘুমানোর সময়ও ল্যাপটপ কম্পিউটার কাছে রাখি। কোনো মেইল বা মেসেজ এলে তার অ্যালার্মের শব্দে জেগে উঠি।’মারজান নিজের বাসায় ছয়টি কম্পিউটার নিয়ে একটা ছোট ল্যাবের মতো করেছেন। এখানে তাঁর কলেজের শিক্ষার্থী, আশপাশের অনেকে এসে কাজ করেন। অনেকে আবার তাঁদের বাসা থেকেও মারজানের কাজ করে দেন। তিনি বেশিকরে থাকে ইন্টারনেট বিপণনের কাজ।গত বছর বেসিসের সেরা ফ্রিল্যান্সারের পুরস্কার পেয়েছেন মারজান আহমেদ। আউটসোর্সিংয়ের কাজ মেয়েদের জন্যই বেশি উপযোগী, এমনটা মনে করেন মারজান। তার পরও বাংলাদেশে এখনো এ পেশায় নারীর সংখ্যা কম। তাঁর কথা হলো, এটা চাইলেই শুরু করা যায়। খুব বেশি দক্ষতা লাগে না। অন্য দেশের কোনো ব্যস্ত মানুষের ই-মেইল ব্যবস্থাপনা করেও মাসে ২০০ ডলার আয় করা যায়, যা ওদের জন্য কিছুই না। আমাদের এখানে ১৬-১৭ হাজার টাকা। মারজান তাই তো বলেন, ‘জাস্ট স্টার্ট ইট।’