আউলিয়ার ঘাটে সেতু হলো না আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীর ওপর এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। আজ পর্যন্ত ওই স্থানে সেতু না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। এলাকাবাসী জানান, এখানে সেতুনির্মাণ এলাকার ২০ হাজার মানুষের প্রাণের দাবি। ঘাটের পশ্চিম পাড়ে উপজেলা সদর আর পূর্ব পাড়ে বড় শশী ইউনিয়ন। মাড়েয়া-বড় শশী সড়কে আউলিয়ার ঘাট নামক স্থানে করতোয়া নদীতে শুধু একটি ব্রিজের অভাবে উপজেলা সদরের সঙ্গে বড় শশী ইউনিয়নের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা সদর থেকে বড় শশী ইউনিয়নের দূরত্ব মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার। সরেজমিনে দেখা গেছে, আউলিয়ার ঘাটের দুই দিকের সড়ক পাকা করা হয়েছে। উপজেলা সদর থেকে মাড়েয়া এবং বড় শশী থেকে আউলিয়ার ঘাট পর্যন্ত এলজিইডি সড়ক পাকা করেছে। আউলিয়ার ঘাট থেকে একটি ডিঙ্গিতে করে লোকজন পারাপার হচ্ছে। জেলা পরিষদ প্রতিবছর নিলাম ডাকের মাধ্যমে পারাপারের জন্য ইজারাদার নির্বাচন করে। বালাপাড়া গ্রামের কৃষক বৃদ্ধ আবদুল লতিফ মুন্সি দুঃখ করে বলেন, ‘মোর জীবনে বুঝি আর আউলিয়ার ঘাটত পুল দেখে যাবা পারিবা নুহু। অনেক বছর ধরে শুনেছে ইঠে পুল হবে হবে। হল কই।’বড় শশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম জানান, তিনি চেয়ারম্যান থাকাকালে আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের জন্য একাধিকবার উপজেলা পরিষদের সমন্বয় সভায় দাবি জানিয়েছেন। ঢাকায় গিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু সেতু আর হয়নি।বড় শশী ইউনিয়নের চেয়ারম্যান মো. নূর হোসেন জানান, বড় শশীবাসীর দীর্ঘ দিনের দাবি আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ। এখানে সেতু না থাকায় এলাকাবাসীকে ৫০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয়।সাবেক সাংসদ মো. মোজাহার হোসেন জানান, এখানে সেতু নির্মাণের জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী ও ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে লিখিত প্রস্তাব দিয়েছিলেন। বর্তমান সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম এখানে সেতু নির্মাণের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শামসুল আলম জানান, এ এলাকায় বৃহৎ ব্রিজ নির্মাণের প্রকল্প না থাকায় কিছু করা যাচ্ছে না। আউলিয়ার ঘাটে ৪০০ থেকে ৫০০ মিটার দীর্ঘ ব্রিজ প্রয়োজন। এ জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা দরকার। ফলে স্থানীয়ভাবে এত বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়।