আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের একটি সেতু ভেঙে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁওয়ে একটি সেতু ৭ জুলাই পানির তোড়ে ভেসে গেছে। সেই সঙ্গে ভেঙে গেছে আগামী ডিসেম্বর মাসে এ সড়ক দিয়ে জগন্নাথপুর উপজেলাবাসীর সরাসরি রাজধানীতে যাওয়ার স্বপ্ন। এ ছাড়া উপজেলা সদরের সঙ্গে রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় সাংসদ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের চেষ্টায় সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করে কাজ শুরু হয়। ওই সরকারের শাসনামলেই শতকোটি টাকা ব্যয়ে মহাসড়কের ৮০ শতাংশ কাজ শেষ হয়। পরে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে মহাসড়কের কাজ বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে মহাসড়কের কাজ আবার শুরু করে। ঘোষগাঁও সেতুটির অসমাপ্ত কাজও এ সময়ে শেষ হয়। জগন্নাথপুর গ্রামের বাসিন্দা প্রবীণ ঠিকাদার নূরুল হক জানান, সেতুটি ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ থেকে রাজধানীতে যাওয়ার সরাসরি যোগাযোগব্যবস্থা আরও বিলম্বিত হবে।সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপপ্রকৌশলী (এসও) মহসিন আহমদ জানান, ‘সেতুটি ভেঙে যাওয়ার কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।’জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ বলেন, ‘মহাসড়কটি চালু করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবে কাজ চলছিল, তাতে আমাদের আশা ছিল, ডিসেম্বর মাসে সড়কটি চালু করতে পারব। সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের সে স্বপ্ন ভেঙে গেছে।’