আউশে প্রায় চার লাখ কৃষক বিনা মূল্যে বীজ, সার পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউশ মৌসুমে ধানের উৎপাদন বাড়াতে প্রায় চার লাখ কৃষককে বিনা মূল্যে সার ও বীজ দেবে সরকার। এ জন্য প্রায় ৩৫ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। গত বছর সরকার ৩৪ কোটি ৯৩ লাখ টাকার প্রণোদনা দিয়েছিল।এবারের প্রণোদনার আওতায় একেকজন কৃষককে আট কেজি নেরিকা জাতের বীজ (উঁচু জমির জন্য), পাঁচ কেজি উচ্চ ফলনশীল জাতের (উফশী) বীজ, ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি করে টিএসপি ও এমওপি সার দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে কৃষক পর্যায়ে এই উপকরণ-সহায়তা দেওয়া শুরু হবে বলে জানানো হয়।গত বছর আউশ-প্রণোদনা কৃষকদের শুধু সার দেওয়া হয়েছিল জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এবার এ সহায়তায় একজন সার ও বীজ দুটিই পাবেন। আফ্রিকা থেকে আসা নেরিকা জাত সম্পর্কে তিনি বলেন, এই জাতটি মূলত উঁচু জমিতে ভালো ফলন দেবে। এর উৎপাদন অন্য জাতগুলোর তুলনায় ভালো, সেচের জন্য পানিও কম লাগে।সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, এই প্রণোদনা দেওয়ার ফলে অতিরিক্ত এক লাখ ২০ হাজার টন অতিরিক্ত ধান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। এতে চাল আমদানি বাবদ সরকারের ৩০০ কোটি টাকার মতো খরচ বেঁচে যাবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর আউশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন ছিল ২৩ লাখ ৩৩ হাজার মেট্রিক টন।এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে এক হাজার ৮৯০ মেট্রিক টন বীজ, পাঁচ হাজার ৬৮৫ মেট্রিক টন ইউরিয়া, তিন হাজার মেট্রিক টন ডিএপি এবং তিন হাজার ৫৫৩ মেট্রিক টন এমওপি সারের প্রয়োজন হবে বলে কৃষিমন্ত্রী জানান।এ বছর আউশ মৌসুমে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে, ২০১১ সালে যা ছিল ১১ লাখ ২৮ হাজার হেক্টর।