আওতাধীন সংস্থার কাজে হস্তক্ষেপ করে না গণপূর্ত মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে প্রথম আলোয় আজ মঙ্গলবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, কেবল রাজউক নয়, মন্ত্রণালয়ের আওতাধীন কোনো অধিদপ্তর বা সংস্থার দরপত্র বা স্বাভাবিক কাজকর্মে হস্তক্ষেপ করে না গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ ‘প্রথম আলো’র প্রথম পৃষ্ঠায় ‘পদত্যাগের নেপথ্যে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মোফাকখারুল ইকবাল ওই প্রতিবাদপত্র পাঠান। প্রতিবেদনের সুনির্দিষ্ট কোনো অংশের প্রতিবাদ না করে সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়। প্রতিবাদপত্রে বলা হয়, ‘পদত্যাগের ব্যাপারে রাজউকের চেয়ারম্যান নিজেই ইলেকট্রনিক মিডিয়াকে বলেছেন, সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করতে চাইছিলেন। এ ছাড়া প্রতিবেদনে দরপত্র ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হলেও সেদিন বৈঠকে দরপত্রের ব্যাপারে কোনো কথাই হয়নি।’ প্রতিবাদপত্রের বাকি অংশে সরকারের উন্নয়নের নানা ফিরিস্তি বর্ণনা করে বলা হয়, ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে উত্তরা তৃতীয় পর্বে, পূর্বাচল নতুন শহর, ঝিলমিল প্রকল্পে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ করা হয়েছে, যা আপনার পত্রিকাসহ সব পত্রিকায় প্রশংসিত হয়েছে। এ ছাড়া সম্প্রতি এই মন্ত্রণালয়ের অধীনে রাজউকের তত্ত্বাবধানে সমন্বিত হাতিরঝিল প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, যা শুধু দেশেই নয় আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সমন্বিত হাতিরঝিল প্রকল্পকে দেশবাসীর জন্য নতুন বছরের উপহার হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের প্রশংসিত কর্মকাণ্ডে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে।’