আওয়ামী লীগও ব্যবস্থা নেবে, যদি...
সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমাদের দলের অবস্থান হলো, কেউ অন্যায় করলে উপযুক্ত আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তবে আইন নিজস্ব গতিতে চলবে। আইন যখন ব্যবস্থা নেবে, দলও অবশ্যই তখন ব্যবস্থা নেবে। দোষী ব্যক্তির রাজনীতিতে থাকা সমীচীন নয়।’আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কার্য-অধিবেশনে সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন। গোলাম মাওলার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘তাঁর (রনি) গ্রেপ্তার হওয়া জাতির জন্য সুখবর। আওয়ামী লীগের আমলে অপরাধ করে কেউ যে পার পায় না, এটা তার প্রমাণ।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী যে দলের হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংবাদিক নির্যাতন করায় প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছেন। ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। দলটির কয়েকজন শীর্ষ নেতার মতে, সরকারের শেষ সময়ে আর তারা কোনো ঝুঁকি নিতে চায় না। কারণ, তিনি (রনি) সরকারের সাংসদ থাকা অবস্থায় দলের সম্পর্কে লাগামহীন সমালোচনা করেন। এতে শুরু থেকেই তাঁর সম্পর্কে নেতিবাচক মনোভাব ছিল প্রধানমন্ত্রীর। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রনিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এই প্রথম ক্ষমতাসীন দলের কোনো সাংসদ গ্রেপ্তার হলেন।সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টা মামলায় আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুই সাংবাদিককে পেটানোর অভিযোগ ওঠে। গত শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সাংসদ রনির ব্যবসায়িক কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল নির্যাতনের শিকার হন বলে তাঁরা অভিযোগ করেন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়।