আওয়ামী নেতাদের ১১ প্রকল্প
পাবনা-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস প্রোগ্রেসিভ পলিসি ফর লাইফের (পিপিএল) নির্বাহী পরিচালক। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে তৃণমূলে মনোনীত হয়েও তিনি মনোনয়ন পাননি। তবে তাঁর সংস্থা জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ২৫ লাখ টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে। পাঞ্জাব বিশ্বাস প্রথম আলোকে জানান, তাঁর সংস্থা মূলত খাসজমি বণ্টন ও বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করে। সরকারি বরাদ্দ পেলে জলবায়ু নিয়ে কাজ করবেন তিনি। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা তেরখাদা আসনের সাবেক সাংসদ এস এম মোস্তফা রশীদ। তাঁর বাবা আলহাজ শেখ মকবুল আহমদ। বাবার নামের সংক্ষেপিত রূপের সঙ্গে সোসাইটি যোগ করে ‘আসমাস’ নামের একটি সংস্থা গড়ে তুলেছেন তিনি। ২০০৯ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেওয়া এ সংস্থাটির নিজস্ব কার্যালয় ও জনবল নেই। সরকারি অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এ সংস্থাটিকে ৩০ লাখ টাকা বরাদ্দের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আসমাসের চেয়ারম্যান মোস্তফা রশীদ রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় সংস্থায় সময় দিতে পারেন না জানিয়ে বলেন, খুলনার অন্য একটি এনজিও থেকে পরামর্শক এনে প্রস্তাবনা তৈরি করেছেন। তাঁদের কোনো স্থায়ী জনবল নেই। নেত্রকোনার দুর্গাপুরভিত্তিক এনজিও ‘দেশ’কে জলবায়ু পরিবর্তনের কারণে ‘ঝুঁকিপূর্ণ এলাকায় পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন’ প্রকল্পটিও পরিবেশ ও বন মন্ত্রণলয়ে যাচাই-বাছাই শেষে ট্রাস্ট বোর্ড অনুমোদন করেছে। দেশ-এর নির্বাহী পরিচালক দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রঞ্জন কুমার দাস। ২০ লাখ টাকার এই প্রকল্পের অনুমোদন পাওয়া সংস্থা দেশ, তাদের প্রকল্পের পরামর্শক হিসেবে নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মোস্তাক আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, বরাদ্দ পেলে সপ্তাহে দুই দিন পরামর্শক হিসেবে সময় দেবেন। বাকি সময় ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে কাজ করবেন। রাজনৈতিক বিবেচনা: জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে বরাদ্দের জন্য এ পর্যন্ত ৫৩টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও এনজিওর প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, এদের মধ্যে ১১টি সংস্থার প্রকল্পের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যুক্ত। জয়পুরহাট সদর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম দলীয় কাজে মূলত ঢাকাতেই থাকেন। রাজধানীর মতিঝিলে শেয়ারবিষয়ক আর্থিক প্রতিষ্ঠান ইউনিভার্সেল ফিনানশিয়াল সল্যুশনের পরিচালকও তিনি। জয়পুরহাটভিত্তিক ‘ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ভিডিও) নির্বাহী পরিচালকও তিনি। ভিডিও লাইসেন্স ছাড়াই ক্ষুদ্রঋণের ব্যবসা করেন। জহিরুলের ভগ্নিপতি আতিকুর রহমান সংস্থাটি পরিচালনা করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন প্রশমন বিষয়ে ভিডিওকে ১৫ লাখ টাকার প্রকল্প নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। জহিরুল হক প্রথম আলোকে বলেন, সরকারি প্রকল্পের টাকা দিয়ে যদি গরিব মানুষের কিছু উপকার হয়, সেই চেষ্টাই তিনি করবেন। ছাত্রলীগ থেকে রুরাল অ্যাডভান্স লীগ: বাংলাদেশ রুরাল অ্যাডভান্স লীগকে (বারাল) সিলেট শহরে স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ে প্রকল্পের জন্য দুই কোটি টাকার প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল কবীর বারালের চেয়ারম্যান। জানা গেছে, বারালের প্রকল্প পেতে সুপারিশ করেছেন সিলেট এলাকার সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী।২০০৯ সালের শুরুতে জয়েন্ট স্টক থেকে নিবন্ধন নেওয়া সংস্থাটি এ পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি প্রকল্প পায়নি। সংস্থাটির উপনির্বাহী পরিচালক এম মাহমুদুল হাসান একটি বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করছেন। সিলেটের এক মন্ত্রীর নাম উল্লেখ করে আশরাফুল কবীর প্রথম আলোকে জাুনান, ওই মন্ত্রী তাঁকে প্রকল্প পেতে ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন। ছাত্রলীগ না করলেও তাঁর প্রকল্পটি অনুমোদন পেত বলে মনে করেন তিনি।পপুলারিটি ওয়েলফেয়ার সোসাইটিকে হতদরিদ্রদের জন্য স্থায়িত্বশীল জীবিকায়ন প্রকল্পের জন্য ৩৫ লাখ টাকা। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নির্বাচনী এলাকা হাইমচরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন সংস্থাটির চেয়ারম্যান। বসুন্ধরা সিটির ঠিকানা ব্যবহার করে পপুলার ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাস্ট ফান্ডের অর্থ দিয়ে তারা হাইমচরের চান্দা ইউনিয়নে গাছ লাগাবে ও আর্সেনিকমুক্ত পানি সরবরাহ করবে। নুর হোসেন নিজেকে পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমরা জনগণের কল্যাণে কাজ করি।’আওয়ামী লীগের ছায়া: অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা এবং ছায়াপথ কাজের বিনিময়ে পুষ্টি কর্মসূচির জন্য ২০ লাখ টাকা অনুমোদন পেয়েছে। যশোরের তাঁতিপাড়া রোড নীলগঞ্জের ঠিকানা ব্যবহারকারী এ সংস্থাটি মূলত পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করে থাকে। ছায়াপথের নির্বাহী পরিচালক নুসরাত চৌধুরীর স্বামী জাহাঙ্গীর হোসেন সংস্থাটির অর্থসচিব। কার্যক্রম যশোরে হলেও স্বামী-স্ত্রী দুজন থাকেন রাজধানীর উত্তরায়। স্বামীসহ সংস্থাটির বেশির ভাগ সদস্য আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এ কথা উল্লেখ করে নুসরাত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ করায় বিএনপি-জামায়াত সরকারের আমলে সরকারি প্রকল্প পাইনি।’ একজন নারী মন্ত্রীর নাম উল্লেখ করে নুসরাত চৌধুরী বলেন, ‘আপা আমাকে চেনেন ও জানেন। নির্বাচনের সময় আমরা সবাই তাঁর পক্ষে কাজ করেছি।’ নীলফামারী জেলার জলঢাকা উপজেলাভিত্তিক তিস্তা বহুমুখী সমাজকল্যাণ সংস্থা সামাজিক বনায়নের জন্য ২৫ লাখ টাকা অনুমোদন পেয়েছে। ব্যয়ের হিসাব বাইরের কোনো নিরীক্ষক দিয়ে করানো হয়নি। সংস্থাটির সভাপতি জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, রাজনীতির বাইরে জনগণের সেবা করার জন্য সংস্থাটি গড়ে তুলেছেন। আওয়ামী সাংসদের আত্মীয়: ঝিনাইদাহভিত্তিক এনজিও লিবার্টিকে একটি প্রকল্পে ১৫ লাখ টাকা দেওয়ার সুপারিশ করেছে ট্রাস্ট বোর্ড। লিবার্টির জনবলের সংখ্যা মোট পাঁচজন। মাগুড়া-২ আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ বিরেন শিকদারের ছোট বোন নীলিমা বিশ্বাসের স্বামী কুমারেশ বিশ্বাস লিবার্টির নির্বাহী পরিচালক। সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত সংস্থাটির প্রতিবন্ধী, স্বাস্থ্য ও ক্ষুদ্রঋণ পরিচালনার অভিজ্ঞতা আছে। জলবায়ু পরিবর্তন বা বড় কোনো উন্নয়ন প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা নেই সংস্থাটির।ঝিনাইদহ জেলার আরেক সংস্থা ডিজেবলড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিডিও) একটি প্রকল্পের জন্য ২০ লাখ টাকা অনুমোদন পেয়েছে। সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন নেওয়া এ সংস্থাটি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। বছরে বাজেট পাঁচ থেকে ছয় লাখ টাকা। ডিডিওর নির্বাহী পরিচালক শ্যামল কুমার সাহা প্রথম আলোকে জানান, প্রকল্প পেতে স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নুর জাহান বেগম তাঁদের জন্য সুপারিশ করেছেন। চট্টগ্রামভিত্তিক সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি বনায়ন প্রকল্পে ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন পেয়েছে। ২০০৯ সালে জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নেওয়া এ সংস্থাটি উন্নয়ন প্রকল্পের কাজ করেনি, নিজস্ব জনবলও নেই। সংস্থাটির চেয়ারম্যান আরিফুর রহমান পেশায় ব্যবসায়ী। নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রকল্পে কর্মরত। রফিকুল ইসলাম জানান, অনানুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব পালন করছেন। প্রকল্পের অর্থ পেলে চাকরি ছেড়ে এখানে যোগ দেবেন। আওয়ামী সাংস্কৃতিক জোটের সদস্য রফিক জানান, তিনি মতাদর্শিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।