আওয়ামী লীগ ও নাস্তিকদের চত্বর শাহবাগ: খালেদা
শাহবাগের গণজাগরণ মঞ্চকে ‘আওয়ামী লীগ ঘরানার ও নাস্তিকদের চত্বর’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এসব মঞ্চ-ফঞ্চ বন্ধ করুন। তা না হলে জনগণ ঢাকার দিকে রওনা হবে। সেখানে গড়ে তুলবে জনগণের মঞ্চ।’গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা কালীমন্দিরসংলগ্ন মাঠে এক জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘মসজিদের গেট তালাবদ্ধ করে শাহবাগিদের পাহারা দেবেন, এটা হতে পারে না। এখনো সময় আছে ঠিক হোন। জনগণ খেপে সারা দেশ থেকে ঢাকায় আসবে। আলাদা মঞ্চ তৈরি করবে। সেটাই হবে জনতার মঞ্চ।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ব্লগারদের আহ্বানে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগের মোড়ে তরুণ প্রজন্মের আন্দোলন শুরু হয়। প্রথম এক সপ্তাহ এ নিয়ে কোনো কথা বলেনি বিএনপি। ১১ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শাহবাগের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। এর পরদিনই অবস্থান পরিবর্তন করে দলটি। ১২ ফেব্রুয়ারি দলটির স্থায়ী কমিটির এক বিবৃতিতে তরুণ প্রজন্মের আন্দোলনকে স্বাগত জানানো হয়। বিএনপির ওই বিবৃতিতে ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে তরুণ প্রজন্ম বলিষ্ঠ ভূমিকা রাখবে’ বলে আশাবাদ ব্যক্ত করা হয়।খালেদা জিয়া চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফেরার পর শাহবাগ প্রশ্নে অবস্থান পরিবর্তন করে বিএনপি। ১ মার্চ সংবাদ সম্মেলনে খালেদা জিয়া শাহবাগের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একটি গোষ্ঠীকে সরকার উসকানিমূলক ও বেআইনি কর্মকাণ্ড সংঘটনে আশকারা ও সমর্থন দিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছে।’ এর পর থেকে শাহবাগের আন্দোলন নিয়ে বিএনপির নেতাদের সমালোচনা ক্রমে বাড়তে থাকে।জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলাম লেখক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া যদি বলতেন, শাহবাগ আন্দোলনে যুক্ত ব্যক্তিদের বেশির ভাগ আওয়ামী লীগ ঘরানার, তারা দেশের অন্য সংকট নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাঁর এ সমালোচনা হয়তো জনগণের সহানুভূতি পেত। কিন্তু তিনি ঢালাওভাবে সবাইকে নাস্তিক বলেছেন, এটা উনার মাপের রাজনীতিকের কাছ থেকে আশা করা যায় না। তিনি হয়তো ধর্মীয় উগ্রপন্থীদের উৎসাহিত বা তাদের সমর্থন আদায় করতে চাচ্ছেন। এটা বিএনপির রাজনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।গতকাল মুন্সিগঞ্জের জনসভায়ও খালেদা জিয়ার বক্তৃতার বেশির ভাগজুড়ে ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চের কঠোর সমালোচনা। সরকার ‘শাহবাগিদের’ টাকা, খাদ্য ও নিরাপত্তা দিয়ে লালন-পালন করছে বলে দাবি করে তিনি বলেন, ‘শাহবাগে যারা গিয়েছে, তারা আওয়ামী লীগ ঘরানার ও নাস্তিক লোক। এখানে যাদের তরুণ ও দলনিরপেক্ষ বলা হচ্ছে, এটা মোটেও ঠিক নয়। আল্লাহ-রাসুল, ইসলাম বা অন্য কোনো ধর্ম সম্পর্কে তাদের কোনো আস্থা নেই। শাহবাগে তারা নাচ-গান ও অপকর্ম করছে।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এরা কেমন তরুণ যে শুধু তারা ফাঁসি চাই, ফাঁসি চাই দাবি করছে। অন্যদিকে দেশের এত এত সংকটের বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। তরুণেরা এমন হতে পারে না। এরা সরকারেরই স্বার্থ রক্ষা করে কাজ করছে।’ তিনি নিহত ব্লগার রাজীব হায়দার সম্পর্কে বলেন, ফেসবুক ও ব্লগে রাজীবের লেখায় ধর্মের এত অবমাননা করা হয়েছে, যা বলার মতো নয়।খালেদা জিয়াকে মুন্সিগঞ্জে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বিএনপির চেয়ারপারসন বিকেল পাঁচটা ২০ মিনিটে গোয়ালীমান্দ্রায় কালীমন্দির পরিদর্শন করেন। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন। ২ মার্চ রাতে এই মন্দিরে কে বা কারা আগুন দেয় ও কয়েকটি প্রতিমা ভাঙচুর করে। খালেদা জিয়া যখন মন্দির পরিদর্শন করছিলেন, তখন মন্দিরের দরজার ওপর দিকে সম্মিলিত সংখ্যালঘু সম্প্রদায়ের আটটি পোস্টার টাঙানো ছিল। তাতে লেখা ছিল, ‘জামায়াত-শিবির ও বিএনপির হাত থেকে সংখ্যালঘুদের রক্ষা করো।’ খালেদা জিয়া মন্দিরের প্রতিমাগুলো সংস্কারের জন্য মন্দির কমিটিকে অর্থ সহায়তা করেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে মন্দিরটি পুনর্নির্মাণ করারও প্রতিশ্রুতি দেন। জনসভায় খালেদা জিয়া বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের দুর্নীতি বিশ্বে প্রচার পাচ্ছে। তাই জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে নানা ইস্যু তৈরি করছে। সরকার ও তার দলীয় লোকজন আগে বৌদ্ধদের ওপর ও তাদের মন্দিরে হামলা করেছে। সম্প্রতি হিন্দুদের ওপর ও তাদের মন্দিরে হামলা করেছে। হয়তো এবার মসজিদে হামলা করবে। আর দোষ দেবে বিএনপির নেতা-কর্মীদের ওপর। খালেদা জিয়া সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বলে দাবি করেন। তিনি বলেন, কিছু পুলিশ ও বিশেষ একটি জেলার পুলিশ নিরীহ মানুষের ওপর গুলি চালিয়েছে। হত্যা করেছে। এদের কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ ধরনের ঘটনা চলতে থাকলে ও গণহত্যা বন্ধ না হলে জাতিসংঘ ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে পুলিশকে আর নেবে না।খালেদা জিয়া আজ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় যাবেন। সেখানে তিনি সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলবেন।