আওয়ামী লীগ কখনো ’৭২-এর সংবিধানে ফিরে যেতে পারবে না: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ’৭২ সালের সংবিধানে কখনো ফিরে যেতে পারবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে মহিলা দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।খন্দকার মোশাররফ বলেন, ‘জিয়া এ দেশের মানুষের চিন্তা-চেতনা অনুযায়ী সংবিধানের মূলনীতি পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ইত্যাদির স্থলে বিসমিল্লাহ হির রাহমানির রাহিম, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও মুক্তবাজার অর্থনীতি সন্নিবেশিত করেছেন। এসব মূলনীতি সংবিধান থেকে আওয়ামী লীগ কোনো দিন উঠিয়ে নিতে পারবে না। তাই তারা ’৭২ সালের সংবিধানে কখনো ফিরে যেতে পারবে না।’এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ’৭২ সালের সংবিধানে ফিরে যেতে সরকার শিগগিরই সংসদে বিল আনবে। তিনি আরও বলেন, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নয়, ’৭২ সালের সংবিধানে ফিরে যেতে হলে সংসদের মাধ্যমে ফিরে যেতে হবে।"খন্দকার মোশাররফ আরও বলেন, আওয়ামী লীগ যতবার অস্বীকার করবে, বিএনপি ততবারই বলবে জিয়াই স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত ধর্মপ্রাণ। তিনি শুধু ফরজ নামাজই নন, তাহাজ্জুদের নামাজও পড়েন। সপ্তাহে এক দিন রোজাও রাখেন। হানিফকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন।’গতকাল বৃহস্পতিবার হানিফ এক অনুষ্ঠানে বলেছিলেন, খালেদা জিয়া এক ওয়াক্ত নামাজও পড়েন না। এমন কোনো ইসলামবিরোধী কাজ নেই যা তিনি করেন না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচারের অভাব আছে। তাই দিন বদলের আগে তাদের রাজনৈতিক শিষ্টাচার শেখা উচিত। মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ রেহানা আক্তার, রাশেদা বেগম প্রমুখ বক্তব্য দেন।