আওয়ামী লীগ কার্যালয়ে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাদের সঙ্গে কর্মীদের হট্টগোল হয়েছে। মহানগর নেতাদের প্রতি ক্ষোভ থেকে এ হট্টগোলের সৃষ্টি হয়। পরে মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম দলকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় মহানগর আওয়ামী লীগের থানা-ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা চিত্কার করে বলতে থাকেন, দলকে শক্তিশালী করতে হলে ওয়ার্ডের নেতাদের কথা শুনতে হবে। এ নিয়ে সেখানে হইচই শুরু হয়। পরে মোফাজ্জল হোসেন চৌধুরী সবাইকে শান্ত করেন এবং ২৬ জুন সকাল সাড়ে ১০টায় মহানগর কার্যালয়ে কাউন্সিল নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের ঘোষণা দেন।ওয়ার্ডের নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, দীর্ঘদিন ধরে মহানগর কমিটির কাউন্সিল না হওয়া, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের কথা না শোনা ও তৃণমূল নেতাদের যথাযথ মূল্যায়ন না করার কারণে তাঁরা ক্ষুব্ধ।মোফাজ্জল হোসেন বলেন, ‘২৬ জুন থেকে প্রয়োজনে টানা তিন দিন আমরা আলোচনা করব। আপনাদের সব প্রস্তুতি ঠিক থাকলে তিন দিনের মাথায় কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। আপনারা কে কতটা কাজ করেছেন, কতজন সদস্য সংগ্রহ করেছেন, তার হিসাব নিয়ে আসবেন।’কর্মীদের সঙ্গে মন্ত্রী-এমপিদের দূরত্ব স্পষ্ট: কামরুলসিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে মন্ত্রী-সাংসদদের সঙ্গে কর্মীদের মধ্যকার দূরত্ব স্পষ্ট হয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘সিটি নির্বাচনে পরাজয় আমাদের সর্তকবার্তা দিয়েছে। মন্ত্রী-এমপিদের সঙ্গে কর্মীদের যে দূরত্ব, সেটা স্পষ্ট হয়েছে। কর্মীরা যে যথাযথভাবে কাজ করেনি, সে বিষয়েও সর্তকবার্তা এসেছে।’বিএনপি আগামী নির্বাচনে যেতে বাধ্য—এমন মন্তব্য করে কামরুল বলেন, ‘সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সুষ্ঠু নির্বাচনে দলীয় সরকার বাধা নয়। তাই আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে না। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে।’