আওয়ামী লীগ কোনো খেলা খেলতে নামেনি: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কোনো খেলা খেলতে নামেনি। দলটি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যেতে চায়।আজ শনিবার মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত এক সমাবেশে হানিফ এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিল্পকলা একাডেমীর সামনের রাস্তায় ওই সমাবেশ আয়োজন করেন আয়োজকেরা।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চাই না।’ প্রধান বিরোধী দল বিএনপি স্বাধীনতা-বিরোধীদের দলে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার স্বামী একজন মুক্তিযোদ্ধা। তাঁকে সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষকও দাবি করেন। আপনি কীভাবে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করেন। জনগণ জানতে চায়, কীসের স্বার্থে স্বাধীনতা-বিরোধীদের কাঁধে কাঁধ মিলিয়েছেন।’জামায়াতে ইসলামীকে ‘বিষধর সাপ’ উল্লেখ করে হানিফ বলেন, দীর্ঘদিন গর্তে লুকিয়ে থেকে হঠাত্ বের হয়ে বিষাক্ত ছোবল দিয়ে তারা আবার গর্তে ঢুকেছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ আসাদুজ্জামান খান, মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।